গরিবের হাট 'ঢেলাপীর'
নীলফামারীর সৈয়দপুর উপজেলার ঢেলাপীর এলাকায় সপ্তাহের শুক্র ও মঙ্গলবার লোকজনের হাঁকডাক, ভিড়ভাট্টায় হাঁটা মুশকিল। কারণ, এই দুই দিন ওই এলাকায় বসে ‘ঢেলাপীর’ হাট।
সৈয়দপুর-নীলফামারী সড়কের সঙ্গে লাগোয়া ঢেলাপীর হাট। শহর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে। সপ্তাহের ওই দুই দিন সকাল থেকে খাট, চৌকি, আলনা, শোকেস, আলমারি, সোফা, বেঞ্চ, চেয়ার-টেবিল থেকে শুরু করে পিঠা তৈরির বেলুন-পিঁড়ি পর্যন্ত ওঠে এই হাটে। সন্ধ্যার আগ পর্যন্ত চলে বেচাকেনা। এসব ফার্নিচারের ক্রেতা মূলত নিম্ন থেকে স্বল্প আয়ের মানুষ। তাই গরিব মানুষের আসবাবের হাট হিসেবে পরিচিত হয়ে উঠেছে এই ‘ঢেলাপীর’ হাট।
সর্বনিম্ন ৬০০ থেকে ৭-৮ হাজার টাকা দামে বিক্রি হয় এসব ফার্নিচার। বেশির ভাগ ফার্নিচারে কাঠ হিসেবে ব্যবহার হয় আম, পাকুড়, বট বা কাঁঠাল। সৈয়দপুর ছাড়াও পার্শ্ববর্তী খানসামা, পাকেরহাট, নীলফামারী, চড়াইখোলা, তারাগঞ্জ, চিরিরবন্দর, রানীরবন্দর, চম্পাতলী, বাবড়িঝাড় প্রভৃতি স্থান থেকে আসবাবগুলো আনেন কাঠমিস্ত্রি বা কারিগরেরা। নছিমন, করিমন বা ভ্যানগাড়িতে করে এগুলো নিয়ে আসা হয়। বিক্রি না হলে আবার ওই সব পরিবহনে করেই ফিরিয়ে নিয়ে যান বিক্রেতারা। প্রতি হাটে প্রায় ২ লাখ টাকার আসবাব বিক্রি হয়ে থাকে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।
হাটে আসা কাঠমিস্ত্রি আবদুল হালিম (৬০) বলেন, সৈয়দপুর রেললাইনের ধারে তাঁর কাঠের আসবাবের দোকান ছিল। রেল কর্তৃপক্ষ উচ্ছেদের পর বেকার হয়ে পড়েন। কাজ জানা থাকায় বাড়িতে বসেই চৌকি, খাট, চেয়ার-বেঞ্চ বানিয়ে ঢেলাপীর হাটে এনে বিক্রি করেন। বর্তমানে এই আয় দিয়েই চলে তাঁর পাঁচ সদস্যের পরিবার।
আরেক কাঠমিস্ত্রি জমিয়ার রহমান (৪৮) বলেন, বাড়িতে মিস্ত্রি বসিয়ে ফার্নিচার বানিয়ে হাটে আনেন। বেচাবিক্রিও ভালো হয়। গ্রামের রাস্তার অবস্থা ভালো নয়। তাই এসব আসবাব নছিমন, করিমনে করে আনার সময় কিছুটা নড়বড়ে হয়ে যায়। ফলে হাটে এনে আবার মেরামত করতে হয়।
হাটে কথা হয়, কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া বাজারের কাশেম আলীর (৬৮) সঙ্গে। তিনি জামাতা রইস উদ্দিনকে নিয়ে এসেছেন হাটে। জামাতা আবদার করেছেন, একটা খাট আর কাপড় রাখার আলনা কিনে দিতে হবে। খাট ৩ হাজার ৫০০ ও আলনা ১ হাজার ২০০ টাকায় কিনে দিয়েছেন।
সরেজমিনে গত মঙ্গলবার হাটে গিয়ে দেখা যায়, আসবাব ছাড়াও এখানে গরু-ছাগল, ধানের বাজার, রিকশা, সাইকেলও বিক্রি হয়। তবে ধানের বাজারে সকাল আটটার মধ্যে বেচাকেনা শেষ হয়ে যায়। সাইকেল-রিকশা কেনাবেচা চলে বিকেল পর্যন্ত।
হাট ইজারাদারের প্রতিনিধি আবদুল হক বলেন, এই জনপদে ঢেলাপীর হাটটি বেশ পরিচিত। বিশেষ করে ফার্নিচার, নতুন-পুরাতন সাইকেল, রিকশা-ভ্যানের জমজমাট বেচাকেনা চলে এখানে। ধানের বাজারে বগুড়া, জয়পুরহাট, শেরপুর প্রভৃতি এলাকার বড় বড় পাইকারেরা আসেন। হাটের পরিবেশ ভালো থাকায় দূর-দূরান্তের ক্রেতা-বিক্রেতারা সপ্তাহের মঙ্গল ও শুক্রবার হাটে আসেন।
সৈয়দপুর বণিক সমিতির সভাপতি ইদ্রিস আলী বলেন, গরিবের ফার্নিচারের জন্য ঢেলাপীর হাট প্রসিদ্ধ। এতে করে গরিবের যেমন শখ পূরণ হচ্ছে, তেমনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে এখানকার মানুষ।