গরু আনতে গিয়ে হতাহতের পরিবারগুলোতে চাপা কান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নোকের খেতখামারে জোন দে যা পেত, তা দে কোনো রকমে চলে যেত। টাকা নোজগারের জন্যি আমারে না বোলে গোপনে গোপনে ইন্ডিয়ায় গরু আন্তি যাতো। হঠাৎ এক দিন শুনি, আমার সোনার চাঁদকে বিএসএফরা পিটিয়ে মারি ফেলেছে। তার পর থ্যাকি কোনো রকমে খায়ে না খায়ে ব্যাঁচি নয়ছি।’কথাগুলো বলছিলেন সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদাহ বাজার এলাকার পিয়ারা খাতুন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের নির্যাতনে তাঁর ছেলে রহমাত আলী ২০১১ সালের ৩১ এপ্রিল নিহত হন। শুধু রহমাত আলীই নয়, অবৈধভাবে ভারতে গরু আনতে গিয়ে জেলার অনেকে বিএসএফের নির্যাতনে প্রাণ হারাচ্ছে। অনেককে পঙ্গু হয়ে অসহায় জীবন যাপন করতে হচ্ছে। হতাহতদের বেশির ভাগ পরিবার এখন মানবেতর জীবন যাপন করছে।কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া সীমান্ত এলাকার মোসলেম আলী, সাতানি এলাকার হাফিজুর রহমান, কুলিয়া এলাকার আবুল হোসেন ও বসন্তপুর এলাকার আবদুল জলিল জানান, এক দশকের বেশি সময় ধরে সাতক্ষীরার ১৩৮ কিলোমিটার সীমান্তের বিভিন্ন স্থান দিয়ে অবৈধভাবে ভারত থেকে গরু আনা হয়। এলাকায় কাজ না থাকায় অনেকে ভারত থেকে গরু নিয়ে আসার কাজ করে। প্রতিটি গরু নিয়ে আসা বাবদ একজন শ্রমিক (রাখাল) তিন-চার হাজার টাকা পায়। লোভনীয় মজুরির জন্য সীমান্ত এলাকায় বেকাররা ঝুঁকিপূর্ণ এ কাজে জড়িয়ে পড়ছে।সাতক্ষীরা ৩৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, গত সাত বছরে সাতক্ষীরা সীমান্তের বিপরীতে ভারতের ভেতরে ৪২ জন বাংলাদেশি নিহত ও ৫৩ জন আহত হয়েছে। তবে স্থানীয় লোকজনের মতে এই সংখ্যা আরও অনেক বেশি হবে। বিএসএফের গুলিতে নিহত সদর উপজেলার কুশখালী গ্রামের তাজেল সরদারের মা ফাতেমা খাতুন (৬০) জানান, ১৪১৭ সনের কার্তিক মাসের প্রথম দিকে গরু আনতে গেলে তাঁর ছেলেকে বিএসএফ ভারত সীমান্তের সোলপুল এলাকায় গুলি করে হত্যা করে। এ ছেলের আয়েই তাঁদের সংসার চলত। বর্তমানে তিনি অসহায়। তাজেলের স্ত্রী অন্যত্র চলে গেছে। একই গ্রামের জোহরা খাতুন জানান, পাঁচ বছর আগে গরু নিয়ে আসার সময় ভারতের দুবলে সীমান্তে বিএসএফ তাঁর ছেলে রেজাউল ইসলামকে গুলি করে হত্যা করে। তার স্ত্রী অন্যত্র বিয়ে করেছে। তার দুই ছেলে এখন নানাবাড়িতে আছে।নাম প্রকাশ না করার শর্তে সীমান্ত এলাকার দুজন জনপ্রতিনিধি জানান, একশ্রেণীর গরু ব্যবসায়ী অর্থের প্রলোভন দেখিয়ে সীমান্ত এলাকায় বেকার ও অসহায় পরিবারের সদস্যদের অবৈধভাবে গরু আনতে পাঠায়। ভারতে গিয়ে বিএসএফের গুলিতে কেউ নিহত বা আহত হলে ওই ব্যবসায়ীরা তাঁদের পরিবারকে কোনো সহযোগিতা করেন না। তাঁরা এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু বাছির জানান, বিএসএফের গুলিতে নিহত কিংবা আহত হওয়ার ঘটনা ভারতের ভেতরে ঘটে। তবে আগের চেয়ে সীমান্তে বিএসএফের গুলি চালানোর ঘটনা কমেছে। সীমান্তে কোনো বাংলাদেশি কিংবা ভারতীয় অন্যায় করলে তাকে গুলি অথবা নির্যাতন না করে আইনে সোপর্দ করার বিষয় নিয়ে বিজিবি ও বিএসএফ প্রতি সপ্তাহে ক্যাম্প পর্যায়ে আলোচনা করে। এ ছাড়া ভারতে গরু আনতে যাওয়ার ব্যপারে বাংলাদেশিদের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে।