চোরাই পথে ভারতে গরু আনতে না গেলে সীমান্তে হত্যা বন্ধ হবে বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। গতকাল বৃহস্পতিবার রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে চলতি বছরে বাহিনীটির সার্বিক কর্মকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে ৫ জুন থেকে বিজিবিতে নারী সদস্য যুক্ত হওয়া, জুলাই থেকে সীমান্ত ব্যাংক চালু করা, বিজিবির এয়ার উইং গঠনের কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হবে না বলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পক্ষ থেকে বলা হলেও হত্যা চলছে। এসব থামানো যাচ্ছে না কেন জানতে চাইলে আজিজ আহমেদ বলেন, চোরাই পথে ভারতে গরু আনতে না গেলে কোনো লোক মারা যাবে না। এর জন্য গরু চোরাচালান বন্ধ করতে হবে। ভারতের গরুর দিকে তাকানো যাবে না। তিনি বলেন, ‘২০১৫ সালে সীমান্তে ৪৩ জন বাংলাদেশি নিহত হয়েছেন। এর মধ্যে ১৮ জন ভারতের সিভিলিয়ানদের (বেসামরিক ব্যক্তি) হাতে।’
গ্রেপ্তার করার দু-তিন মাসের মধ্যে মাদক ব্যবসায়ীদের জামিন পাওয়ার বিষয়ে হতাশা প্রকাশ করে বিজিবির মহাপরিচালক বলেন, ‘আমরা ধরে দিই আর দু-তিন মাসের মধ্যে জামিনে বের হয়ে যায় মাদক ব্যবসায়ীরা। তাদের স্বল্প সময়ের মধ্যে কঠিন সাজার ব্যবস্থা করা না গেলে এগুলো বন্ধ হবে না। তারা আমাদের সামনে দিয়ে হাসতে হাসতে চলে যাবে, এভাবে এটা বন্ধ করা যাবে না।’
টেকনাফে ইয়াবা ব্যবসায় স্থানীয় প্রভাবশালী ও রাজনৈতিক ব্যক্তিরা জড়িত হচ্ছেন বলে বিভিন্ন সময়ে গণমাধ্যমে খবর এসেছে। তাঁদের কেন ধরা যাচ্ছে না জানতে চাইলে বিজিবির মহাপরিচালক বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটা সীমাবদ্ধতা আছে। কারও জিম্মায় মাদকদ্রব্য না পেলে আমরা তাকে ধরতে পারি না।’ টেকনাফের প্রভাবশালী ব্যক্তিদের ইয়াবা ব্যবসায় যুক্ত থাকার বিষয়ে তিনি বলেন, ‘আপনারা যেমন জানেন, আমরাও সে রকম জানি। অনেক কিছুই জানি। এটুকু বলতে পারি, কারও বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের পক্ষ থেকে বাধা নেই। এদের অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেকে এলাকাছাড়া হয়েছে।’
বিজিবিতে যুক্ত হচ্ছেন নারী সদস্য: ৫ জুন প্রথমবারের মতো বিজিবির নিয়মিত বাহিনীতে নারী সদস্যরা যুক্ত হতে যাচ্ছেন। মহাপরিচালক বলেন, মোট ১০০ জন নারীকে নিয়োগ দেওয়া হয়েছিল। এর মধ্যে তিনজন প্রশিক্ষণ শেষ না করে বাদ পড়েছেন। বাকি ৯৭ জন ৫ জুন আনুষ্ঠানিকভাবে বাহিনীতে যোগ দেবেন। ইতিমধ্যে আরও ১০০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। জুলাই থেকে তাঁদের প্রশিক্ষণ শুরু হবে। তিনি বলেন, টেকনাফ, বেনাপোলের মতো যেসব এলাকায় নারীরা চোরাচালানে যুক্ত হন, প্রাথমিক পর্যায়ে এসব জায়গায় ১৫ জন করে নারী সদস্যকে নিয়োগ করা হবে। বিজিবির পাঁচটি হাসপাতালে তাঁদের নিয়োগ দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে বিজিবির মহাপরিচালক বলেন, সব ঠিক থাকলে জুলাই থেকে চালু হতে যাচ্ছে সীমান্ত ব্যাংক। এ মাসেই ব্যাংকের জন্য সিকিউরিটির ৪০০ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকে দেওয়া হবে। এরই মধ্যে কয়েকজনকে নিয়োগ দেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে ৭ থেকে ১০টি শাখা হবে।