
জঙ্গি তৎপরতা ঠেকাতে সীমান্তে কঠোর নজরদারি ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২২ ডিসেম্বর দুই দেশের সীমান্ত নিয়ে মহাপরিচালক পর্যায়ের বৈঠকেও এ বিষয়টি গুরুত্ব পাবে। বিজিবির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আজিজ আহমেদ গতকাল রোববার রাজধানীর পিলখানায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। মহাপরিচালকের দায়িত্ব নেওয়ার তিন বছর পূর্তি উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে সীমান্ত হত্যা-সম্পর্কিত এক প্রশ্নের জবাবে বিজিবির ডিজি বলেন, সীমান্তে হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হয়নি, এটা সত্য। তবে কিছুটা কমে এসেছে। রাতের অন্ধকারে সীমান্ত অতিক্রম না করলে এটা আরও কমে আসবে। সীমান্তে হত্যাকাণ্ড একেবারে বন্ধ হবে, যদি গরু আনা-নেওয়া বন্ধ হয়। তিনি বলেন, বাংলাদেশের সীমান্তরক্ষীরা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে। দেশের আইনে অন্য অস্ত্র ব্যবহারের সুযোগ নেই। কিন্তু ভারত সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে না।
আজিজ আহমেদ বলেন, ২০১২ সালের ৫ ডিসেম্বর তিনি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর দায়িত্ব নিয়েছিলেন। এই তিন বছরে বিজিবির ২৭৩টি স্থাপনা, ১০টি নতুন ব্যাটালিয়ন, ৪টি সেক্টর সদর দপ্তর ও ৪টি রিজিওনাল সদর দপ্তর স্থাপন করা হয়।
মহাপরিচালক বলেন, রণকৌশল নির্ধারণে সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় রেখে প্রশিক্ষণে পরিবর্তন আনা হয়েছে। সেনাবাহিনীর সঙ্গে যায় এমন অস্ত্র বিজিবি সদস্যদের জন্য কেনা হবে। কেননা, যুদ্ধের সময় বিজিবি সেনাবাহিনীর নেতৃত্বে কাজ করে। এবারই প্রথম বিজিবিতে ১০০ নারী সদস্য যুক্ত হচ্ছেন। জানুয়ারিতে তাঁদের প্রশিক্ষণ শুরু হবে।
মাদক পাচারও অনেকটা নিয়ন্ত্রণে এসেছে দাবি করে ডিজি বলেন, ফেনসিডিল আসা কমে এসেছে। এরপরও যা আসছে, তা উদ্বেগের কারণ। এ ক্ষেত্রে চাহিদার জায়গা নিয়ন্ত্রণ করলে সরবরাহ কমে যাবে। কেবল সীমান্ত এলাকা দিয়ে নয়, বিমান ও নৌপথেও অনেক সময় নিষিদ্ধ মাদক দেশে আসছে বলে মন্তব্য করেন তিনি। এসব ঘটনায় বিজিবির কেউ জড়িত থাকছে কি না, জানতে চাইলে মহাপরিচালক বলেন, ‘আমি কখনো বলব না, আমাদের শতভাগ লোক ধোয়া তুলসীপাতা। তবে যারা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ চোরাচালানে সম্পৃক্ততা ও ‘নারীঘটিত’ কারণে গত তিন বছরে প্রায় এক শ জনকে বিজিবি থেকে চাকরিচ্যুত করা হয়েছে বলে জানান তিনি।
মহাপরিচালক বলেন, মিয়ানমার-সংলগ্ন বাংলাদেশ সীমান্তে সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানের পর মিয়ানমার আশ্বস্ত হয়েছে যে বাংলাদেশ তাদের দেশের বিচ্ছিন্নতাবাদীদের প্রশ্রয় দেয় না। এর ফলে দুই দেশের সম্পর্ক আরও ভালো হয়েছে। মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির রাজনৈতিক শাখার প্রধানকে ভারত আটক করার পর বিজিবির কাছে হস্তান্তর করে। পরে বিজিবি তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করে।
প্রসঙ্গত, সম্প্রতি পার্বত্য চট্টগ্রামে অভিযান চালিয়ে পুলিশ আরাকান আর্মির একজন বিচ্ছিন্নতাবাদী নেতাকে আটক করেছে বলে দাবি করে। ওই ব্যক্তির নাম রেনন, যিনি আরাকান আর্মির রাজনৈতিক শাখার প্রধান বলে পুলিশ জানিয়েছিল। তিনি বলেন, শিগগিরই বিজিবি ‘সীমান্ত ব্যাংক’ নামে একটি ব্যাংক চালু করবে।