গরু আর দাম দুটোই বেশি, ক্রেতাই কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুদিন পর কোরবানির ঈদ। দেশের নানা প্রান্ত থেকে ট্রাকে বোঝাই করে রাজধানীর পশুর হাটগুলোতে আসছেন বিক্রেতারা। গরুর সংখ্যা বাড়তে থাকলেও এর দাম বেশ চড়া। কিন্তু ক্রেতা কম। গতকাল সোমবার ঢাকার গাবতলী, ইস্টার্ন হাউজিং ও ধোলাইখাল পশুর হাট ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

 বড়সড় ১৩টি গরু নিয়ে কুষ্টিয়া থেকে শনিবার ঢাকার গাবতলী পশুর হাটে এসেছেন রায়হান। তিন দিন চলে গেলেও একটি গরুও বিক্রি করতে পারেননি তিনি। বৃষ্টিভেজা অবস্থায় রায়হান বলেন, ‘মানুষ আসে, দাম শুইনে চইলে যায়।’

সবচেয়ে বড় ষাঁড়ের দাম ১২ লাখ টাকা চাচ্ছেন রায়হান। বললেন, মাংস হবে ২৫ মণ। তবে ক্রেতারা ছয় লাখের বেশি দিতে চান না। তিনি বলেন, ‘এত লসে কেমন কইরে ব্যাচব।’

কেবল বড় নয়, ছোট ও মাঝারি সব আকারের গরু একের পর এক ট্রাকে বোঝাই করে ঢাকার বড় এই পশুর হাটে নামাতে দেখা গেছে। জায়গা করে নিচ্ছে হাটের আনাচ-কানাচে। গরুর দড়ি হাতে বিক্রেতারা ঠায় কাদাপানির মধ্যে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছেন। মাঝেমধ্যে একজন-দুজন ক্রেতা পেলে দাম বলছেন। কিন্তু দাম শুনে চুপসে যাচ্ছেন ক্রেতারা। পশু বিক্রি কম থাকায় গাবতলীর হাটের নয়টি হাসিল ঘরের আটটিই বন্ধ ছিল। হাসিল ঘরে দায়িত্বরত কর্মী মো. সরোয়ার বলেন, সকাল আটটা থেকে বেলা একটা পর্যন্ত মাত্র ৫০টি গরু বিক্রি হয়েছে। হাট ইজারাদারের ব্যবস্থাপক সানোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, গরু যথেষ্ট এসেছে, এখনো আসছে; কিন্তু বৃষ্টির কারণে ক্রেতা কম। মঙ্গলবার থেকে বিক্রি বাড়বে।

হাসিল ঘরের সামনে কথা হয় মোহাম্মদপুর থেকে আসা আনিসুর রহমানের সঙ্গে। তিনি বলেন, সকাল সাড়ে নয়টা থেকে প্রায় চার ঘণ্টা ঘুরে দুটি গরু কিনেছেন। বড়টার দাম ৪৩ হাজার টাকা। ছোটটার দাম ৩০ হাজার টাকা। তাঁর মতে, এবার বেশ চড়া দামে কিনতে হয়েছে।

আনিসুর রহমানের পাশে থাকা বিক্রেতা আইয়ুব আলী বলেন, ‘গরু পালতে খরচ লাগে বেশি। ওষুধ দিই নাই। ভাত-ভুসি খাওয়াইছি। দাম তো বেশি হইব।’

গাবতলী হাটের মতো অবস্থা রাজধানীর ইস্টার্ন হাউজিংয়ের পশুর হাটের। শেরপুর থেকে ছোট ও মাঝারি আকারের ৩০টি গরু নিয়ে ইস্টার্ন হাউজিং হাটে সকালে আসেন মোহাম্মদ জালাল উদ্দিন। তিনি সবচেয়ে ছোট গরুর দাম হাঁকছেন ৪৭ হাজার টাকা। জালাল উদ্দিন বলেন, গরু ছোট হলেও ৩৫ থেকে ৪০ হাজারের কমে তিনি বিক্রি করবেন না।

আরিফুর রহমান নামের এক ক্রেতা বলেন, ‘গতবার যে গরু ২৫ হাজারে কেনা সম্ভব হয়েছিল, এবার দাম তাঁর প্রায় দ্বিগুণ হাঁকানো হচ্ছে। হাট তো আরও তিন দিন আছে। কেনার অনেক সময় আছে।’

 ফরিদপুর থেকে ধোলাইখাল হাটে ১৮টি গরু তুলেছেন আজহার মোল্লা। তিনি বলেন, ‘আমরা দাম বেশি চাচ্ছি না। বরং ক্রেতারা দাম কম বলছে।’ একই অভিযোগ করে কুষ্টিয়ার গরু ব্যাপারী ফারুক হোসেন প্রথম আলোকে বলেন, ‘কাস্টমারের মুখে দাম শুইনে মনে হচ্ছে, গরু দেশে নিয়ে যেইতে হবে।’

 সব ক্রেতাই গরু কিনতে পারবেন জানিয়ে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম বলেন, ‘ভারত থেকে গরু আসছে। মিয়ানমার, নেপাল ও ভুটানের গরুও ঢুকছে। তাতে সংকট হবে না। তবে দাম কিছুটা বেশি হবে।’