গরু আর বাণিজ্যিক পণ্যের সঙ্গে আসছে ইয়াবা বড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরবানির গরু ও সীমান্ত-বাণিজ্যের পণ্যবোঝাই ট্রলারে লুকিয়ে কক্সবাজারের টেকনাফে আনা হচ্ছে শত কোটি টাকার নিষিদ্ধ ইয়াবা বড়ি। পরবর্তীকালে টেকনাফ থেকে এই ইয়াবা সরবরাহ করা হচ্ছে কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকাসহ সারা দেশে।টেকনাফ, কক্সবাজার ও মিয়ানমারের একাধিক সিন্ডিকেটের তিন শতাধিক সদস্য ইয়াবা পাচারে জড়িত। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে। সীমান্তরক্ষী বিজিবি সূত্র জানায়, ১৫ অক্টোবর গভীর রাতে নাফ নদী অতিক্রম করে মিয়ানমার থেকে পণ্যবোঝাই একটি ট্রলারে করে টেকনাফ আনা হচ্ছিল ইয়াবার বড় একটি চালান। টেকনাফের সাবরাং এলাকায় নৌকাটি পৌঁছালে বিজিবির সদস্যরা ধাওয়া করেন। তখন পাচারকারীরা নৌকাটি ফেলে পার্শ্ববর্তী প্যারা বনে আত্মগোপন করে। বিজিবি সদস্যরা ওই নৌকায় তল্লাশি চালিয়ে উদ্ধার করেন প্রায় দুই কোটি ১৪ লাখ টাকা দামের ৬৭ হাজার ১৩৫টি ইয়াবা বড়ি।সূত্র জানায়, ১২ অক্টোবর রাতে নাফ নদী অতিক্রম করে টেকনাফের নাজিরপাড়ায় আনার সময় বিজিবি সদস্যরা ট্রলারসহ দুই কোটি টাকা দামের ৪০ হাজার ৮৮টি ইয়াবা উদ্ধার করেন। এ সময় মিয়ানমারের মংডু শহরের বাসিন্দা হোসেন আহমদ (৩৫), মো. আয়েছ (২৮) ও আবদুল মোনাফকে (২৬) আটক করা হয়।কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. কামরুজ্জামান বলেন, ইয়াবা পাচারের প্রধান রুট হচ্ছে টেকনাফ। এরপর কক্সবাজার হয়ে ইয়াবার চালান যায় চট্টগ্রাম-ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে। শরীরের বিভিন্ন স্থানে, টর্চলাইট, সিগারেট ও দেয়াশলাইয়ের প্যাকেট, মুরগির পেট, পেঁপে, ডাবসহ তরকারির ভেতরে লুকিয়ে ইয়াবা পাচার হচ্ছে। ট্রাকবোঝাই পানের ঝুড়ি, সুপারির বস্তা, মাছের পেঠে ভরেও ইয়াবার চালান যাচ্ছে। এ কারণে ইয়াবা পাচার রোধ করা সম্ভব হচ্ছে না। অনুসন্ধানে জানা গেছে, বর্তমানে নাফ নদীর তীরে অবস্থিত শাহপরীর দ্বীপ, নয়াপাড়া, সাবরাং, মৌলভীপাড়া, নাজিরপাড়া, নাইট্যংপাড়া, লেদা, হোয়াইক্যং, টেকনাফ সীমান্ত ট্রানজিট ঘাট কায়ুকখালী খাল ও টেকনাফ স্থলবন্দর দিয়ে বিপুল পরিমাণ ইয়াবার চালান দেশে ঢুকছে। মিয়ানমারে ইয়াবা তৈরির কারখানা রয়েছে প্রায় আটটি। এসব কারখানায় তৈরি শত ভাগ ইয়াবার বাজার বাংলাদেশে। বাংলাদেশ থেকে এই ইয়াবা দুবাই, মালয়েশিয়া, সৌদি আরবসহ বিভিন্ন রাষ্ট্রে পাচার হচ্ছে বলে জানা গেছে। কক্সবাজারের ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান বলেন, ‘মিয়ানমারের সীমান্তরক্ষী নাসাকার সঙ্গে বিজিবি পতাকা বৈঠকে আমরা ইয়াবা পাচার রোধ ও কারখানা বন্ধের দাবি জানাই। কিন্তু মিয়ানমার তা শুনছে না।’টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান বলেন, কয়েকটি এলাকায় বেড়িবাঁধ ভাঙা থাকায় বিজিবির নিয়মিত টহল ব্যাহত হচ্ছে। ফলে ওই অংশ দিয়ে ইয়াবা পাচার হচ্ছে। তার পরও ওই অংশ দিয়ে পাচারের সময় বিজিবি দুই লাখের বেশি ইয়াবা বড়ি উদ্ধার করেছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ ফরহাদ বলেন, কয়েকটি সিন্ডিকেট মিয়ানমার থেকে ইয়াবার চালান টেকনাফ এনে সারা দেশে সরবরাহ দিচ্ছে। অভিযান চালিয়ে ইয়াবাসহ সরবরাহকারীদের ধরা হলেও মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। ৪২ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শফিকুর রহমান বলেন, ইয়াবা পাচারের নিরাপদ রুট হিসেবে পরিচিত ট্রানজিট ঘাট, স্থলবন্দর, কায়ুকখালী খাল, নাইট্যংপাড়া, মৌলভীপাড়া, নাজিরপাড়া, নয়াপাড়া, সাবরাং, শাহপরীর দ্বীপ, লেদা ও জাদিমুরা এলাকায় এখন কড়া নজরদারি রাখা হচ্ছে। চলতি মাসের প্রথম ১৫ দিনে বিজিবির সদস্যরা এক লাখ নয় হাজার ৭১৩টি ইয়াবাসহ চার পাচারকারীকে আটক করেছেন। তার পরও ইয়াবা পাচার রোধ করা যাচ্ছে না।