২২টি প্রবেশপথ দিয়ে ভারতের গরু এ দেশে প্রবেশ করে। অ্যানথ্রাক্সে আক্রান্ত কোনো গরু যাতে দেশে না ঢুকতে পারে, সে জন্য এসব পথে প্রাণীচিকিৎসক রাখা হয়েছে। তাঁদের পরীক্ষা ছাড়া কোনো গরু দেশে ঢুকতে দেওয়া হবে না। স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির গতকাল বুধবার রাজধানীতে এক সেমিনারে এ কথা বলেন।বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মিল্টন হলে অ্যানথ্রাক্স নিয়ে এ সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেমিনারে সভাপতিত্ব করেন বিএসএমএমইউয়ের উপাচার্য প্রাণগোপাল দত্ত।সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও বলেন, প্রবেশপথে যেসব গরু সন্দেহ হবে, সেগুলো ৪৮ ঘণ্টা পর্যন্ত সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হবে। ৪৮ ঘণ্টা পার হলেই বোঝা যাবে, গরুটি অ্যানথ্রাক্সে আক্রান্ত কি না। অ্যানথ্রাক্স প্রতিরোধে স্বাস্থ্য, প্রাণিসম্পদ ও স্থানীয় সরকার মন্ত্রণালয় একসঙ্গে কাজ করছে।আইইডিসিআর-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বেনজির আহমেদ বলেন, অ্যানথ্রাক্সে আক্রান্ত গরু কোনোভাবেই জবাই করা যাবে না। কারণ, আক্রান্ত গরু জবাই, কাটা ও রান্নার জন্য প্রস্তুত করার সময় মানুষ অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়। তিনি বলেন, অ্যানথ্রাক্স নিয়ে মানুষের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। অ্যানথ্রাক্স কমাতে কমিউনিটি সচেতনতা বাড়ানো, আক্রান্ত ব্যক্তিদের দ্রুত চিকিৎসা এবং গবাদিপশুকে টিকা দিতে হবে।বেনজির আহমেদ বলেন, কোরবানির সময় গরু কেনার আগে অবশ্যই সেটি অসুস্থ কি না (যেমন—জ্বর ও নাক দিয়ে পানি ঝরা) তা লক্ষ রাখতে হবে। অসুস্থ প্রাণী কোনোভাবেই কেনা যাবে না। কোরবানির আগে ৪৮ ঘণ্টা থেকে ২১ দিন পর্যন্ত গরু পর্যবেক্ষণ করতে পারলে ভালো। তবে সুস্থ গরুও কমপক্ষে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ করা উচিত। আইসিডিডিআরবি-এর গবেষক সালাহউদ্দিন খান বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের দেশে অ্যানথ্রাক্সের ঝুঁকি একটু বেশি। তিনি উদাহরণ দিয়ে বলেন, সিরাজগঞ্জের মাটিতে অ্যানথ্রাক্সের জীবাণু রয়েছে। যদি ভয়াবহ বন্যা হয় এবং পানির স্রোতে সিরাজগঞ্জের মাটি অন্য জেলায় যায়, তবে ওই জেলায়ও অ্যানথ্রাক্স সংক্রমণের মারাত্মক ঝুঁকি থাকবে। মাটিতে ক্যালসিয়াম ও অরগানিক উপাদান থাকলে তা অ্যানথ্রাক্সের জীবাণুকে অনেক দিন বেঁচে থাকতে সহায়তা করে।