গরু কেনা হলো না ফায়ারকর্মী রানা মিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুনে প্রাণ হারান ফায়ারকর্মী রানা মিয়া
ছবি: সংগৃহীত

রানা মিয়া তাঁর বাবাকে বলেছিলেন, কোথাও একটা ভালো চাকরি হলে ঈদে গরু কিনবেন। চাকরি রানা পেয়েছিলেন ঠিকই, তবে গরু কেনা হলো না। এর আগেই জীবনপ্রদীপ নিভে গেল তাঁর।

গত ৪ জুন সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুনে প্রাণ হারান ফায়ারকর্মী রানা মিয়া। তিনি কাজ করতেন কুমিরা ফায়ার স্টেশনে। বছর দুয়েক আগে ফায়ারকর্মী হিসেবে চাকরি পান ২৩ বছরের এ তরুণ। দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ যায় তাঁর।

রানার বাবা পান্নু মিয়া জানালেন, ‘সাকল্যে ১৭ হাজার টাকার মতো বেতন পেত রানা। নিজের খরচ কিছু রেখে, বাকি টাকা পাঠাত পরিবারকে। গত ঈদে সে বলেছিল, এ বছর একটা গরু কিনবে। সেটা আর হলো না। এর আগেই সবাইকে একা করে চলে গেল প্রাণের ছেলেটা।’

মানিকগঞ্জের শিবালয়ের নবগ্রামের বাসিন্দা রানারা তিন ভাই–বোন। তাঁর বড় বোন বন্যা আক্তারের বিয়ে হয়েছে। ছোট ভাই সাজ্জাদ হোসেন এইচএসসি প্রথম বর্ষে পড়ছে। আজ রোববার মুঠফোনে রানার বাবা বলেন, ২০২০ সালে ফায়ার স্টেশনে ফায়ারম্যান পদে রানার চাকরি হয়। ওই বছরের ২৪ নভেম্বর সীতাকুণ্ডের কুমিরা ফায়ার স্টেশনে যোগদান করেন। ছেলের আয়েই চলত টানাপোড়েনের সংসার। কিন্তু ছেলের মৃত্যুর পর সব অন্ধকার হয়ে গেছে।

অভাব যেন পিছু ছাড়ছে না তাঁদের। ছেলের চাকরির সুবাদে কিছুদিন ভালো কেটেছে। এখন আবার যন্ত্রণা। বর্তমান অবস্থার কথা বলেতে গিয়ে পান্নু মিয়া জানান, গ্রামের ভেতর তাঁর ছোট্ট একটা মুদিদোকান ছিল। করোনা মহামারির কারণে সে দোকান গুটিয়ে নিতে হয়। পুঁজির অভাবে পরে আর শুরু করা যায়নি। আয় বলতে এখন কিছুই নেই। কীভাবে সংসার চলছে, কীভাবে চলবে, তা–ও জানেন না তিনি। এর ওপর রানার মা রেণু বেগমের শারীরিক অবস্থা ভালো নয়। চিকিৎসার খরচও চলছে না।

রানার ভগ্নিপতি রাসেল শেখ জানান, বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগার খবর পেয়ে কুমিরা ফায়ার স্টেশনের সদস্যরা মুহূর্তেই ছুটে যান। ওই দলে ছিলেন রানা। আগুন নেভানোর কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এরপর তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে হাসপাতালের মর্গে গিয়ে রানার খোঁজ পান পরিবারের সদস্যরা।