গরু চুরি ঠেকাতে পুলিশের হস্তক্ষেপ কামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বৈরাটি গ্রামের কৃষকেরা গরু চুরি ঠেকাতে পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন। গতকাল বৃহস্পতিবার একদল কৃষক থানায় গিয়ে এ দাবি জানান। এ সময় তাঁরা সন্দেহভাজন এক গরুচোরের ফেলে যাওয়া মুঠোফোন পুলিশের হাতে তুলে দেন।
বৈরাটি গ্রামের গোলাম মোস্তফা ও শিহাব আকন্দ বলেন, তাঁদের গ্রামে গরুচোরের উপদ্রব বেড়েছে। চোরের হাত থেকে বাঁচতে কৃষককে গোয়ালঘরে রাত যাপন করতে হচ্ছে। এরপরও চোর ঠেকানো যাচ্ছে না। গত মঙ্গলবার মো. আবুল হাসেমের গোয়ালঘরে হানা দেয় চোরেরা। গরু নিয়ে যাওয়ার সময় এলাকার লোকজন টের পায়। লোকজনের ধাওয়া খেয়ে চোরের দলটি পালিয়ে যায়। সেখানে একটি মুঠোফোন কুড়িয়ে পান লোকজন। তাঁরা কৌশলে মুঠোফোনের মালিককে নামসহ শনাক্তও করতে পারেন। এ মুঠোফোনটি পুলিশের কাছে দেওয়া হয়েছে।
একই গ্রামের আরও কয়েকজন বলেন, গত দুই সপ্তাহে তাঁদের গ্রামে ছয়টি গরু চুরি হয়েছে। গরু তাঁদের মূল্যবান সম্পদ। তা চুরি হয়ে গেলে কৃষক একেবারে নিঃস্ব হয়ে পড়েন।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. বদরুল আলম খান বলেন, তিনি ছুটিতে। গরু চুরি ঠেকাতে পুলিশি সহায়তা চাওয়ার বিষয়টি তিনি শুনেছেন।