গরু চুরির অপবাদ দিয়ে...
রংপুরের পীরগাছা উপজেলার দুধিয়াবাড়ীতে মঙ্গলবার মধ্যরাতে রবিউল ইসলাম (২৪) নামে এক তরুণকে বাড়ি থেকে ডেকে নিয়ে গরু চুরির অপবাদ দিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি মুমূর্ষু অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় রবিউলের স্ত্রী জমিরন বেগম বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে পীরগাছা থানায় হত্যাচেষ্টার মামলা করেছেন। পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।মামলার বিবরণ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার দুধিয়াবাড়ী গ্রামের রজব আলীর ছেলে হোটেলবয় রবিউল ইসলামের সঙ্গে একই গ্রামের এক মহিলার দ্বন্দ্ব ছিল। এ ঘটনার জের ধরে ওই মহিলার সঙ্গে পাশের তালুক ইসাদ দুধিয়াবাড়ী গ্রামের আবদুস সোবাহান ও তাঁর ভাইদের সঙ্গে ২০ হাজার টাকার চুক্তিতে রবিউলকে পঙ্গু করে দেওয়ার সিদ্ধান্ত হয়। গত মঙ্গলবার রাতে রবিউল ইসলাম ঘুমিয়ে পড়লে আবদুস সোবাহান তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে গরু চুরির অপবাদ দেন এবং তাঁদের বাড়িতে বেঁধে রাখেন। এরপর সারা রাত খট্টু মিয়া, আ. বারী, দুদু মিয়া ও আবু বক্করসহ ১০-১১ জন তাঁকে নানাভাবে নির্যাতন করেন। এ সময় তাঁরা প্লাস দিয়ে রবিউলের হাত-পায়ের আঙুলের নখ উপড়ে ফেলেন এবং মাটিতে ফেলে বাঁশ ডলা দেন। এমনকি তাঁর পুরুষাঙ্গসহ শরীরের বিভিন্ন স্থানে সুচ ঢুকিয়ে হত্যার চেষ্টা করা হয়। এ সময় রবিউলের স্ত্রী ও প্রতিবেশী দুজন নির্যাতন না করার অনুরোধ করলে তাঁদেরও মারধর করা হয়। পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় বুধবার সকালে মুমূর্ষু অবস্থায় রবিউলকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রবিউলের স্ত্রী জমিরন বেগম বলেন, ‘আমার স্বামীকে হত্যার উদ্দেশে তারা অমানুষিক নির্যাতন করেছে।’ মামলার তদন্ত কর্মকর্তা পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) রশিক কুমার কুণ্ডু বলেন, হত্যাচেষ্টার অভিযোগে ইতিমধ্যে আসামি আবদুস সোবাহান, লেবু, বুলবুলি, ওসনা বেগম, জোসনা ও মর্জিনা বেগমকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। এদিকে ক্ষুব্ধ এলাকাবাসী গত বৃহস্পতিবার সন্ধ্যায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানা চত্বরে বিক্ষোভ করেছে।