গরু চুরির অভিযোগে গণপিটুনিতে মৃত্যু
রাজশাহীর গোদাগাড়ীতে এক আদিবাসীর গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় গ্রামবাসীর পিটুনিতে গত সোমবার দিবাগত রাতে এক ব্যক্তি মারা গেছেন। তাঁর নাম কায়েস উদ্দিন ওরফে কটু (৪৮)। বাড়ি উপজেলার পালপুর গ্রামে। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, উপজেলার নবাই বটতলা গ্রামের আমাস টুডুর বাড়ি থেকে একটি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় তিন-চার কিলোমিটার দূরে গোলাই গ্রামে গিয়ে কায়েসের হাত থেকে গরুটি ছুটে যায়। গরুটির আনুমানিক মূল্য ২৫ হাজার টাকা। কায়েস তখন গরুটি নিজের বলে দাবি করেন। তাঁর কথায় গ্রামবাসীর সন্দেহ হলে তারা খোঁজতে থাকে কারও গরু চুরি গেছে কি না। এরই মধ্যে জানাজানি হয়ে যায় যে আমাস টুডুর গরু চুরি হয়েছে। এ কথা শোনে লোকজন কায়েসকে গণপিটুনি দেয়। পিটুনিতে রাতেই তিনি মারা যান। গতকাল মঙ্গলবার সকালে তাঁর লাশ গ্রামের আসাদুজ্জামানের বাড়ির পাশে পড়েছিল। খবর পেয়ে দুপুরে গোদাগাড়ী থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। গোদাগাড়ী থানার ওসি অহিদুল ইসলাম জানান, এ ঘটনায় দুটি মামলা হবে। একটি চুরির এবং অন্যটি হত্যা মামলা।