গরু চুরির অভিযোগে ছয় বাড়িতে অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জে বিক্ষুব্ধ জনতা গরু চুরির অভিযোগে ছয় ব্যক্তির বাড়ি পুড়িয়ে দিয়েছে। এ ঘটনার পর ক্ষতিগ্রস্ত বাড়ির লোকজন তিন ব্যক্তিকে পিটিয়েছে। গরু চুরি ও মুক্তিপণ আদায়ের পরও তা ফেরত না দেওয়ায় কয়েক গ্রামের লোকজন জমায়েত হয়ে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।বগুড়ার আইনজীবী আবদুল বাছেত বলেন, আইনশৃঙ্খলার অবনতির কারণে জনগণ আইন হাতে তুলে নিয়েছে। যদি প্রশাসন তৎপর থাকত এবং জনগণ সমস্যার দ্রুত সমাধান পেত, তাহলে এ কাজ করত না। তার পরও জনগণ যা করেছে তা অমানবিক কাজ হয়েছে। চোর হলে তাদের ধরে আইনের কাছে সোপর্দ করা উচিত ছিল।এলাকাবাসী জানান, এলাকায় গরু চুরির ঘটনা বেড়েই চলেছে। পুলিশ প্রশাসনসহ বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়েও তাঁরা চোরদের হাত থেকে গরু রক্ষা করতে পারছেন না। এতে মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।উপজেলার পীরব ইউনিয়নের ভালুকখালী গ্রামের কৃষক জুলহাস আলীর গোয়ালঘরের সিঁদ কেটে মঙ্গলবার রাতে ৫০ হাজার টাকার একটি গাভি চুরি করা হয়। জুলহাসের দাবি, তিনি খোঁজ নিয়ে জানতে পারেন, গাভিটি পাশের বুড়িগঞ্জ ইউনিয়নের ভোলাপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেন (৪৫) চুরি করে নিয়ে গেছেন। গরু ফিরে পাওয়ার জন্য যোগাযোগ করলে জাহাঙ্গীর ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। জুলহাস বুধবার এ টাকা পরিশোধ করেন। কিন্তু তার পরও জাহাঙ্গীর গরু দিতে টালবাহানা করতে থাকেন। রাত ১০টা পর্যন্ত গরু না পেয়ে জুলহাস বিষয়টি প্রকাশ করে দেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, আশপাশের বিভিন্ন গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার ভোরে কয়েক হাজার মানুষ ভোলাপাড়া গ্রামে এসে সমবেত হয়। এ সময় তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা জাহাঙ্গীরের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে তারা পাশের তেঁতুলগাড়া গ্রামে গিয়ে চুরির অভিযোগ তুলে সাইদুর রহমান (৪০), আমিনুল ইসলাম (৩৮), শহিদুল ইসলাম (৩০) এবং চুরিতে সহযোগিতার অভিযোগে মজিবর রহমান (৪৫) ও আবদুল মান্নানের (৫৫) বাড়িতেও আগুন ধরিয়ে দেয়। এতে ওই বাড়িগুলো পুড়ে যায়।এ ঘটনার পর ওই এলাকার লোকজন সংঘবদ্ধ হয়ে জামুরহাট বাজারে অবস্থান নিয়ে পীরব এলাকার জনগণকে খুঁজতে থাকে। এ সময় তারা উপজেলার মুরইল গ্রামের লুটু মুন্সি (৬৫), ভালুকখালী গ্রামের জাহেদুল ইসলাম (৪০) ও তাজুল ইসলামকে (৩০) মারধর করে। এতে জাহেদুল ও লুটু মুন্সি গুরুতর আহত হলে তাঁদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাব হোসেন জানান, তারা দীর্ঘদিনের চিহ্নিত চোর। আশপাশের গ্রাম থেকে তারা বছরের পর বছর গরু চুরি করে মুক্তিপণ নিয়ে আসছে। থানায় একাধিক মামলাও রয়েছে। এদের অত্যাচারে এলাকার মানুষের গরু লালন-পালন একরকম বন্ধ হওয়ার উপক্রম হয়। বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল গফুর মণ্ডল বলেন, ওই গরু চোরেরা এর আগে বহুবার গণপিটুনি খেয়েছে। পুলিশ কয়েকবার তাদের ধরেও এনেছিল। কিন্তু পরে জামিনে ছাড়া পেয়ে আবারও চুরি করে। শিবগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, তারা থানার তালিকাভুক্ত চোর। বর্তমানে পরিস্থিতি পুলিশের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।