গরু চোর সন্দেহে গণপিটুনি, দুই ব্যক্তি নিহত
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শনিবার দিবাগত গভীর রাতে চোর সন্দেহে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এঁরা হলেন টুঙ্গিপাড়া উপজেলার নিলফা গ্রামের ফরহাদ মোল্লা (৪২) ও করফা গ্রামের শেখ কবীর হোসেন (৩৮)।টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) হাফিজ ভূঁইয়া জানান, গ্রামবাসী দুই চোরকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেন। এ সময় টহল পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। গত রোববার ভোরে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং সকাল সাতটায় গোপালগঞ্জ সদর হাসপাতালে আরেকজন মারা যান।গরু চুরির ঘটনায় দীনবন্ধু বালা বাদী হয়ে একটি মামলা করেছেন। পুলিশ জানায়, টুঙ্গিপাড়া থানা থেকে ছয় কিলোমিটার দূরে মাইল পোস্ট থেকে ৫০ গজ পশ্চিমে রাস্তার ওপর গণপিটুনির ঘটনা ঘটে। এদিকে গত রোববার সন্ধ্যায় নিহত ফরহাদ মোল্লার স্ত্রী জয়তুন্নেছা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এতে সেনেরচর, মুন্সিরচর ও সিঙ্গিপাড়া গ্রামের অজ্ঞাত এক হাজার আটজনকে আসামি করা হয়েছে।কুশলী ইউনিয়নের চৌকিদার হাফিজ মোল্লা জানান, মৃত্যুর আগে ফরহাদ মোল্লা শনিবার রাতে চুরির ঘটনায় তাঁর সঙ্গী আরও কয়েকজনের নাম বলে গেছেন। টুঙ্গিপাড়া থানার ওসি হাবিবুল্লাহ সরকার জানিয়েছেন, পুলিশ তদন্ত করছে।