গরু নিতে হামলা, ট্রলার ডুবে দুটির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে শীতালক্ষ্যা নদীতে গতকাল মঙ্গলবার ট্রলার ডুবে দুটি গরুর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও নয়টি। দুটি কোরবািনর পশুর হাটের লোকজন গরুগুলো নিজেদের হাটে নেওয়ার জন্য হামলা চালালে ট্রলারটি ২৫টি গরু নিয়ে ডুবে যায়। বেলা তিনটায় শীতলক্ষ্যা নদীর সিমেক্স সিমেন্ট ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে।
আকস্মিক এ ঘটনায় গরুর ব্যাপারীরা হতবিহ্বল হয়ে পড়েন এবং গরু হারিয়ে অনেকেই কান্নাকাটি করেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা অভিযোগ করেন, ঘটনার সময় নৌ পুলিশ ফাঁড়ির কোনো ট্রলার আশপাশে দেখা যায়নি। নদীতে পুলিশের টহল থাকলে এমন ঘটনা ঘটত না।
ট্রলারের মাঝি মো. হালিম বলেন, গত সোমবার ভোরে ২৫টি গরু একটি ট্রলারে উঠিয়ে টাঙ্গাইল থেকে তাঁরা ডেমরার সারুলিয়া হাটের উদ্দেশে রওনা হন। গতকাল দুপুরে শীতলক্ষ্যা নদীতে ঢোকার পরপরই দুটি হাটের ইজারাদারদের সন্ত্রাসীরা ট্রলারটির গতিরোধ করে। ওই সময় দুই পক্ষই ট্রলারে থাকা গরু নিজ নিজ হাটে নিতে হুমকি দেওয়া শুরু করে। একপর্যায়ে দুই পক্ষই তাঁর এবং গরুর ব্যাপারীদের ওপর হামলা চালায়। এ সময় ট্রলারে থাকা গরুগুলো ভয়ে নড়াচড়া শুরু করলে ট্রলারটি একপাশে কাত হয়ে ডুবে যায়। ওই সময় ব্যাপারীরা ১৪টি গরু নিয়ে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ১১টি গরু নিখোঁজ থাকে। দুই ঘণ্টা পর দুটি গরুর মরদেহ ভেসে উঠে। গরুগুলোর মালিক আবুল কালাম, ডাবলু মিয়া, আবদুল লতিফ, হজরত, হানিফ ও আবদুস সালাম।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে বসা সোনাকান্দা হাটের ইজারাদার তাওলাদ হোসেনের সন্ত্রাসী বাহিনী এবং নদীর পশ্চিম তীরের শীতলক্ষ্যা কোল্ডস্টোরেজ-সংলগ্ন হাটের ইজারাদার আবদুর রশিদের বাহিনী গরুগুলো হাটে নেওয়ার জন্য ওই ট্রলারে হামলা চালিয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ট্রলারডুবির খবর জানতে পেরে তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ করেনি।
নারায়ণগঞ্জ নৌ ট্রাফিক পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ডুবে যাওয়া ট্রলারের ১৪টি গরু উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ১১টি গরুর মধ্যে দুটির মরদেহ ভেসে উঠেছে। নদীতে টহল না থাকা সম্পর্কে তিনি বলেন, তিন নদীর মোহনায় টহল ছিল। শীতলক্ষ্যা নদীতে প্রবেশের পর এ রকম ঘটনা ঘটবে, এমন ধারণা তাঁদের ছিল না।