গরু নিয়ে জোরাজুরি

রায়েরবাজার ও হাজারীবাগ হাটের লোকজন গাবতলী বেড়িবাঁধ সড়ক হয়ে আসা পশুর ট্রাক জোর করে নিজেদের হাটে ঢোকানোর চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। অন্য হাটের ইজারাদারেরা বলছেন, পশুভর্তি ট্রাক তাঁদের হাটে আসতে না দেওয়ায় তাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
ব্যবসায়ীদের অভিযোগ, উত্তরবঙ্গ ও কুষ্টিয়া এলাকা থেকে কোরবানির পশু নিয়ে আসছেন দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা। গাবতলী হয়ে মোহাম্মদপুর বেড়িবাঁধ দিয়ে রাজধানীর বিভিন্ন অস্থায়ী হাটে যাওয়ার পথে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ও হাজারীবাগ এলাকায় বাধার মুখে পড়ছেন তাঁরা। জোর করে পশুভর্তি ট্রাকগুলো রায়েরবাজার কবরস্থান-সংলগ্ন হাট ও হাজারীবাগ মাঠের হাটে নেওয়া হচ্ছে।
কামরাঙ্গীরচর ইসলাম চেয়ারম্যানের বাড়ির মোড়সংলগ্ন হাটটির ইজারা পেয়েছেন কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সভাপতি হাজি মো. আবুল হোসেন সরকার। গতকাল সোমবার তিনি প্রথম আলোকে বলেন, ‘মোহাম্মদপুর ও হাজারীবাগ থেকে গরুভর্তি ট্রাক আসতে দিচ্ছে না। ওই এলাকার ওয়ার্ড কাউন্সিলরের লোকজন ব্যবসায়ীদের জোর করে হাটে গরু ঢোকাচ্ছেন।’
হাজারীবাগে কোরবানি পশুর অস্থায়ী হাটের ইজারাদার জাহিদুল ইসলাম রাজীব ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারিকুল ইসলাম সজীবের ভাই। আর রায়েরবাজার কবরস্থান-সংলগ্ন কোরবানির পশুর অস্থায়ী হাটের ইজারাদার আহসানুল মোস্তাফিজ রাব্বি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের ঘনিষ্ঠজন।
লালবাগের মরহুম হাজি দেলোয়ার হোসেন খেলার মাঠ ইজারা পেয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন। তিনি বলেন, উত্তরবঙ্গ ও কুষ্টিয়া থেকে বেশি গরু আসে গাবতলী বেড়িবাঁধ হয়ে। বেড়িবাঁধ সড়কের রায়েরবাজার ও হাজারীবাগের হাটের ইজারাদার তাঁদের বাহিনী দিয়ে গরু নামাতে গাড়ির চালক, পাইকারদের বাধ্য করছেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এ বিষয়ে রায়েরবাজার কবরস্থান-সংলগ্ন হাটের ইজারাদার আহসানুল মোস্তাফিজ প্রথম আলোকে বলেন, ‘আমার কোনো রাজনৈতিক পরিচয় নেই। আমি কারও সহযোগীও না। আমার হাটের পরিবেশ ভালো, খোলামেলা আর যাতায়াতব্যবস্থা ভালো হওয়ায় ব্যবসায়ীরা নিজে থেকেই গরু আনছেন। জোর করে কোনো গরু নামানো হয়নি।’
হাজারীবাগ হাটের ইজারাদার জাহিদুল ইসলাম বলেন, ‘আমার হাটটি ছোট, জায়গা কম। হাটে এখন পর্যাপ্ত গরু। ব্যবসায়ীরা গরু নিয়ে আসছেন নিজের ইচ্ছায়।