গরু নিয়ে বিপাকে দুর্গতরা
পাবনার বেড়া উপজেলার বন্যাদুর্গত মানুষ এত দিন নিজেদের পাশাপাশি গবাদিপশু নিয়েও ছিল বিপাকে। পৌর এলাকার মোহনগঞ্জ বাজারের পাশে আশ্রয় নিয়েছিল উপজেলার দক্ষিণ চরপেঁচাকোলা গ্রামের ১০টি বন্যাদুর্গত পরিবার। প্রতিটি পরিবারের সঙ্গে ৫ থেকে ১৫টি করে গবাদিপশু। পানি কমে যাওয়ায় পরিবারগুলো গত শনিবার বাড়ি ফিরে গেছে। কিন্তু গরু নিয়ে তাদের দুর্ভোগ ও দুশ্চিন্তা এখনো কমেনি।
একটি পরিবারের কর্তা জনাব আলী বলেন, ‘আমার ১৩টা গরু। টানা চার দিন বন্যার পানিতে গরুগুল্যা দাঁড়ায়া থাকায় অসুস্থ হয়া পড়ছিল। এভাবে আর কয়েক দিন থাকলি গরুগুল্যা হয়তো মইর্যাই যাইত। তাই বাধ্য হয়া গরুগুল্যাক আশ্রয়কেন্দ্রে নিয়্যা গেছিল্যাম। সে জায়গায় গরুর খাওয়া, চিকিৎসা কোনোটাই ঠিকমতো করাব্যার পারি নাই। এখন বাড়ি ফির্যা আইস্যা আরও বিপদে পড়ছি। বন্যার পানিতে আমাগরে থাকার ঘর যেমন নষ্ট হয়া গেছে, গরুর গোয়ালঘরও এক্কেরে শেষ। এর ওপর গরুগুল্যারে কী খাওয়াব সেই চিন্তায় অস্থির।’
জনাব আলীর মতো গরু নিয়ে এমন দুশ্চিন্তায় রয়েছে বেড়া উপজেলার অসংখ্য বন্যাদুর্গত মানুষ। বন্যার পানি ইতিমধ্যেই অনেকটা নেমে গেলেও সেই দুশ্চিন্তা থেকে রেহাই পাচ্ছে না তারা। সদ্য বন্যার পানি নেমে যাওয়া বেশির ভাগ বাড়িই এখনো বসবাসের উপযোগী হয়নি। এর ফলে গবাদিপশু নিয়ে অন্যত্র আশ্রয় নেওয়া অনেক পরিবার বাড়ি ফিরলেও দুর্ভোগ তাদের পিছু ছাড়ছে না।
আশ্রয়কেন্দ্র থেকে বাড়িতে ফেরা জয়নাল আবেদীন মোল্লা বলেন, ‘এক মণ খ্যারের (খর) দাম ছিল ১৮০ টাকা। এখন তা হইছে ২৫০ টাকা। এত দাম বাড়ায় গরুগুল্যাক অর্ধেক খাবারও দিব্যার পারত্যাছি না। পাশাপাশি ঠিকমতো চিকিৎসা না করানোয় গরুর দুধ চার ভাগের এক ভাগে আইস্যা দাঁড়াইছে।’
এদিকে চর এলাকা ও যমুনাপাড়ের বন্যাদুর্গত মানুষ গরু নিয়ে চোর ও ডাকাতের ভয়েও রয়েছে। দক্ষিণ চরপেঁচাকোলা গ্রামের নায়েব আলী বলেন, গত বছরের বন্যায় তাঁর গ্রাম থেকে ছয়টি গরু চুরি যায়। সেগুলোর মধ্যে তাঁর লক্ষাধিক টাকা দামের একটি গাভিও ছিল। এবারও গরু চুরি হচ্ছে। তাই রাত জেগে তাঁরা গরু পাহারা দিচ্ছেন।
বেড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হারুনুর রশীদ বলেন, ‘মাঠকর্মীদের নিয়ে আমরা বন্যাকবলিত এলাকার গবাদিপশুর টিকা ও চিকিৎসা দিয়ে যাচ্ছি।’