গরু পাচার করতে গিয়ে মৃত্যুফাঁদে মানুষ

  • সাড়ে পাঁচ বছরে প্রাণ হারিয়েছেন ১৯ জন।

  • গুলি ও স্প্লিন্টারে ক্ষত বয়ে বেড়াচ্ছেন ৪১ জন।

  • দৃষ্টিশক্তি হারান ৮ জন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীমান্ত পেরিয়ে গরু আনতে গিয়ে বিএসএফের হ্যান্ড গ্রেনেডের আঘাতে ২০২০ সালের ২৯ জুন দুচোখের দৃষ্টি হারান রেজাউল ইসলাম। তিনি এখন এলাকায় মুদিদোকান করেন। গত ২৯ জুন রৌমারীর ধর্মপুর গ্রামে
ছবি: প্রথম আলো

৩২ বছরের যুবক নুর জালালের জীবনে বিপর্যয় নেমে এসেছে। তিনি চোখে দেখতে পারেন না। চলাফেরা করেন অন্যের সাহায্যে। শিশুসন্তানটিকে নিয়ে স্ত্রী শিখা আক্তার চলে গেছেন বাবার বাড়িতে।

নুর জালাল সীমান্তে চোরাচালান চক্রের হয়ে গরু পাচারে জড়িত ছিলেন। ২০১৮ সালে সীমান্তের কাঁটাতারের ওপর দিয়ে বিশেষ কৌশলে গরু আনার সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলিতে দুই চোখের দৃষ্টি হারান। গুলিতে জিহ্বাও ছিঁড়ে যায়। ফলে কথাও বলতে পারছেন না।

কেউ জীবিকার তাগিদে, কেউবা বাড়তি উপার্জনের লোভে চোরাচালান চক্রের ফাঁদে পড়ে যুক্ত হন গরু পাচারের মতো ঝুঁকিপূর্ণ কাজে।

জালালের বাড়ি কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা সীমান্তের ছাঁট কড়াইবাড়ি গ্রামে। বাড়ি থেকে সীমান্তের শূন্যরেখা ৩০০ গজ দূরে। কাঁটাতারের বেড়ার ওপারের গ্রামটির নামও ছাঁট কড়াইবাড়ি। ওই এলাকা ভারতের আসাম রাজ্যের হাট শিংগীমারী থানার অধীনে। জালাল গুলিবিদ্ধ হন তাঁর বাড়িসংলগ্ন সীমান্ত পিলার ১০৫৬–এর কাছে।

জালালের বাবা আবদুল মালেক দিনমজুরি করে এখন সংসার চালান। মা নুরীমা বেগম প্রথম আলোকে জানান, জালাল ঢাকায় একটি কারখানায় কাজ করতেন। বাড়িতে এসে চোরাকারবারিদের খপ্পরে পড়ে গরু আনতে গিয়ে এই বিপর্যয়ের মধ্যে পড়েন।

জালালের ঘটনার সূত্র ধরে অনুসন্ধানে নেমে জানা গেছে, সীমান্তের ওপার থেকে চোরাইপথে গরু আনতে গিয়ে গত সাড়ে পাঁচ বছরে (২০১৬–২০২২) কেবল রৌমারী সীমান্তেই ১৯ জনের মৃত্যু হয়েছেন, আহত ও বিকলাঙ্গ হয়েছেন। স্থানীয় লোকজন ও ভুক্তভোগী পরিবারের কাছ থেকে এই তথ্য পাওয়া গেছে। যদিও রৌমারী থানা–পুলিশের হিসাবে নিহতের সংখ্যা ১০।

ফাইল ছবি

তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, কেবল কোনো পরিবার মামলা করলে বা পুলিশ খবর পেয়ে মামলা করলে সেটাই সরকারি হিসাবে আসে। কিন্তু ভুক্তভোগী অনেক পরিবার এবং চোরাকারবারিরা আইনি ঝামেলা এড়াতে তথ্য গোপন করার চেষ্টা করেন। কেউ নিহত হলে গোপনে দাফন ও আহত হলে গোপনে চিকিৎসা দেওয়া হয়।

এই সময়ে আহত ৪১ জনের মধ্যে দৃষ্টিশক্তি হারিয়েছেন ৮ জন। হাত বা পা হারিয়ে পঙ্গু হন ৫ জন। এ ছাড়া গুলির ক্ষত নিয়ে যন্ত্রণায় ভুগছেন আরও অন্তত ২৮ জন।

হতাহতের সবাই দরিদ্র পরিবারের সন্তান। বেশির ভাগেরই বয়স ১৬ থেকে ৪০ বছর। আহতদের সাতজনের সঙ্গে এ প্রতিবেদকের কথা হয়। তাঁরা জানান, বছরের তিন মাস ছাড়া বাকি সময় এলাকায় কাজ থাকে না। এ সময় চোরাকারবারিরা তাঁদের গরু পাচারের শ্রমিক হিসেবে কাজে লাগান। কেউ জীবিকার তাগিদে, কেউবা বেশি টাকা উপার্জনের লোভে এ কাজে যুক্ত হন।

ভুক্তভোগী ও তাঁদের পরিবারের ভাষ্য, বিএসএফের গুলিতেই এসব ব্যক্তি হতাহত হয়েছেন।

এ বিষয়ে রৌমারী সীমান্তে দায়িত্বে থাকা বিজিবির ৩৫ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ শামসুল হক প্রথম আলোর কাছে দাবি করেন, এসব আগের ঘটনা। এখন এই এলাকায় চোরাচালানের সুযোগ নেই। রৌমারী সীমান্ত এলাকায় আগের চেয়ে তিন গুণের বেশি বিজিবি মোতায়েন রয়েছে।

তবে তিন মাস আগেও গরু চোরাচালান করতে গিয়ে বিএসএফের গুলিতে খেতার চরের এক ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

তাঁরা এখন অন্ধ

২০২০ সালের ২৯ জুন আগে দাঁতভাঙ্গা ইউনিয়নের ধর্মপুর সীমান্ত দিয়ে গরু পার করতে গিয়ে বিএসএফের ছোড়া গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে (স্থানীয় লোকজনের ভাষায় ককটেল) দুই চোখ নষ্ট হয় ওই গ্রামের রেজাউল ইসলামের (৩৫)। তিনি এখন বাড়ির এক পাশে ছোট মুদিদোকান করেন। গত ২৯ জুন তাঁর দোকানে গেলে এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

একই দিন রেজাউলের সঙ্গে গরু আনতে গিয়ে চোখ হারান কলেজছাত্র হাসান আলী ও কৃষিশ্রমিক মোজাহার। তখন হাসান এসএসসি পাস করে সবেমাত্র কলেজে ভর্তি হয়েছিলেন।

হাসান প্রথম আলোকে বলেন, তিনি সমবয়সী বন্ধুদের দেখে এই কাজে যুক্ত হয়েছিলেন। তাঁর বাঁ চোখে গুলি লাগে। এরপর রংপুরের একটি বেসরকারি হাসপাতাল ও ঢাকার ইস্পাহানী চক্ষু হাসপাতালে চিকিৎসা নিলেও দৃষ্টিশক্তি আর ফিরে পাননি। চিকিৎসা করাতে গিয়ে বাড়ির গরু, ছাগল বিক্রি ও ঋণ করে তাঁর পরিবার এখন নিঃস্ব।

হাসান এখন অনুতপ্ত। বাড়িতে ছোট্ট একটি মুদিদোকান করেন।

একইভাবে দৃষ্টি হারান ধর্মপুর গ্রামের অহিদুর রহমান (৪০), মঞ্জু মিয়া (৪০), মোজাহার আলী (৪০), গাছবাড়ি গ্রামের আবদুল করিম (৫০) ও পারের চর গ্রামের আজিয়ার রহমানও (৪০)।

মঞ্জু মিয়া দাবি করেন, এক চোখের দৃষ্টিশক্তি হারানোর পর তিনি চোরাচালান ছেড়ে দিয়েছেন।

ধর্মপুর গ্রামের বাসিন্দা ও দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য শাহজাহান আলী প্রথম আলোকে বলেন, কাঁচা টাকার লোভে পড়ে সীমান্তে চোরাচালানে গিয়ে অনেকের মৃত্যু হচ্ছে। যাঁরা বেঁচে ফিরছেন, তাঁদের অনেকে অন্ধ ও পঙ্গু হচ্ছেন। তারপরও চোরাচালান থামছে না।

যে পরিবারগুলোর কান্না থামেনি

গত ১৩ ফেব্রুয়ারি ভোরে রৌমারীর পূর্ব কাউয়ার চর সীমান্ত পিলারের কাছে বিএসএফের গুলিতে নিহত হন দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিণধরা গ্রামের ফরিদুল ইসলাম (২০)। স্থানীয় লোকজন জানান, বিএসএফের সদস্যরা তাঁর লাশ ভারতে নিয়ে যান। বেওয়ারিশ হিসেবে এক সপ্তাহ পর আসাম রাজ্যের হাট শিংগীমারী থানার দফাদার পাড়া কবরস্থানে লাশ দাফন করা হয়।

গত ২৮ জুন ফরিদুলের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তাঁর চাচা শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে ফরিদুলের মা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন।

একই পথে দুই ছেলেকে হারিয়ে এখনো শোকে পাথর রৌমারী সদর ইউনিয়নের পূর্ব ইজলামারী আহিলা বেগম (৭০)। স্বজনেরা জানান, ২০১৬ সালের ১৩ জুলাই ভোরে রৌমারীর ভন্দুরচর সীমান্তে বিএসএফের ছোড়া পাথরের আঘাতে মারা যান আহিলা বেগমের ছোট ছেলে আকিদুল ইসলাম (২৩)। এর আগে ২০০১ সালে একই সীমান্তে বিএসএফের গুলিতে তাঁর বড় ছেলে এনামুল হকও মারা যান।

২০১৯ সালের ৭ সেপ্টেম্বর ধর্মপুর সীমান্তে অবৈধভাবে গরু পাচারকালে আড়কির (কাঁটাতারের ওপর দিয়ে গরুকে পার করার জন্য বাঁশ দিয়ে তৈরি করা কপিকল) বাঁশ মাথায় পড়ে রায়হান মিয়া নামের এক কিশোরের মৃত্যু হয়েছিল। রায়হান সপ্তম শ্রেণির ছাত্র ছিল। প্রতিবেশীরা জানান, রায়হানের মা–বাবা মুঠোফোন কেনার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে গোপনে গরু চোরাকারবারিদের সঙ্গে যুক্ত হন।

দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এম রেজাউল করিম দাবি করেন, তাঁরা অনেক সময় চোরাচালান প্রতিরোধে সভা–সেমিনার করেন। কিন্তু কেউ তাঁদের কথা শোনে না। একই ইউপির সদস্য হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, সীমান্তপারের মানুষ চরম দারিদ্র্যে বাস করেন। তাঁদের কর্মসংস্থান দিতে পারলে চোরাচালান অনেকাংশে কমানো সম্ভব হতো।