গরু পাচার বন্ধে বিএসএফকে নির্দেশ
যেকোনো মূল্যে বাংলাদেশে গরু পাচার বন্ধে সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) নির্দেশ দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। গতকাল সোমবার নয়াদিল্লিতে বিএসএফের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন। খবর ইকোনমিক টাইমসের।
রাজনাথ সিং বলেন, ‘আমি আপনাদের বলতে চাই যেকোনো মূল্যে গরু পাচার বন্ধ করতে হবে। এরই মধ্যে যদি এ কাজ শুরু হয়ে থাকে, তাহলে আমি আপনাদের ধন্যবাদ জানাই।’ অনুষ্ঠানে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিএসএফের মহাপরিদর্শক অশোক কুমার ভারত থেকে গরু পাচারসংক্রান্ত একটি প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনে তিনি জানান, প্রতিদিনই হরিয়ানা, রাজস্থান, উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশ থেকে গরুভর্তি ট্রাক বাংলাদেশ সীমান্তে যায়। সেখান থেকে এসব পশু অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢোকে।