গরু পালনে জীবন বদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নের লাঙলমোড়া দক্ষিণ পাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের বসবাস। এ পাড়ার ৬৫টি পরিবারের মধ্যে ৬৩ পরিবার তারাই। ওই সব পরিবারের সদস্যরা ১৭ বছর ধরে গরু পালন করছেন। এতেই বদলে গেছে তাঁদের জীবন।
সরেজমিনে গত দুই দিন গ্রামে তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, এ গ্রামের দেবদুলাল সিংহ বাবার রেখে যাওয়া জমি চাষ করে সংসার চালাতেন। ১৭ বছর আগে গ্রামের অহিন্দ্রনাথ তালুকদারের সঙ্গে পরামর্শ করে নিজের দুটি দেশি জাতের গরু বিক্রি করে ২৮ হাজার টাকায় কিনে আনেন একটি উন্নত জাতের গাভি। পরের বছরে দুটি। এভাবে এখন তাঁর খামারে গাভি আছে ১১টি আর বাছুর ৯টি। প্রতিদিন দুই বেলায় প্রায় ৪০ লিটার দুধ বিক্রি করেন তিনি। লিটারপ্রতি ৩৫ থেকে ৪০ টাকা দামে দুধ কিনে নিয়ে যান সিরাজগঞ্জের এক দই-মিষ্টির ব্যবসায়ী।
দেবদুলাল সিংহ বলেন, ১৭ বছরে প্রায় ৪০ লাখ টাকার গরু বিক্রি করেছেন তিনি। এটা করেই এক মেয়েকে এমএ পাস করিয়েছেন, আরেক মেয়ে অনার্স পড়ছেন। দুই মেয়েকে ধুমধামের সঙ্গে বিয়ে দিয়েছেন। ছোট ছেলে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ে। তাঁর স্ত্রী বিষ্ণুপ্রিয়া সিংহ বলেন, ‘আমরা দুজনই গরুগুলোকে লালন-পালন করি। ওদের সুবিধার জন্য খামারের মেঝে পাকা, ওপরে ফ্যান, মশা তাড়াতে মশারি আর শীতের সময়ে গায়ে ছালা (বস্তা) পরিয়ে দেওয়া হয়। গরু আর দুধ বেচে টাকা আসে, গোবর থেকে জ্বালানি। যেটা দিয়ে বাড়ির সব রান্নার কাজ চলে।’
অহিন্দ্রনাথ তালুকদারের বাড়ি গিয়ে দেখা যায়, স্ত্রী রেবা রানী তালুকদারকে নিয়ে খামারেই আছেন তিনি। প্রথম দিকের কথা বলতে গিয়ে তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা গরুকে দেবতাতুল্য মনে করে। তাই কেউ তেমনভাবে কোনো কিছু ভাবেনি। কিন্তু গ্রামের সবাই যখন একের পর এক গরু পালন শুরু করল, তখন বিষয়টি আলোড়ন তুলেছিল। এখন এ গ্রামের পরিচয় গরু, দুধ আর গোবরের জন্য। অনেকেই গোবর থেকে বায়োগ্যাস উৎপাদন করছে রান্নার জন্য। গোবরের জৈব সার তৈরি করে অনেকে বিক্রিও করেন।
একই ধরনের সফলতার কথা জানান কণিকা রানী সরকার, সুবল চন্দ্র সরকার, অনিল চন্দ্র রায়, গজেন্দ্র চন্দ্র রায়সহ অনেকেই। প্রবীণ শঙ্করী রায় বলেন, গরু পালন করার কারণে আশপাশের কয়েক গ্রামের মানুষ উন্নত জাতের ঘাস চাষ করছেন। তাঁরা প্রতিদিন এ ঘাস নির্ধারিত দামে বাড়ি বাড়ি দিয়ে যান। কিন্তু গরুচোরের আতঙ্ক তাঁদের তাড়া করে। এ বিষয়ে তাঁরা পুলিশ প্রশাসনের নজরদারি আশা করেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলাজুড়ে বিভিন্ন গ্রামে বর্তমানে ১ লাখ ৩৯ হাজার গরু পালন করা হচ্ছে। লাঙলমোড়া দক্ষিণপাড়ায় এ গ্রামে সবচেয়ে বেশি উন্নত জাতের গরু পালন করা।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন আমির হামজা বলেন, ‘দিনেরাতে যখনই তাঁরা ডাকে, আমরা চলে আসি। তাঁদের পাশে দাঁড়িয়ে এ সফলতার সাক্ষী আমরাও।’ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, দীর্ঘদিন ধরে ওই গ্রামের মানুষ চেষ্টা করে এ অবস্থায় এসেছে।
ঘুড়কা ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেজাউল করিম বলেন, ‘এ গ্রামের খামারিরা আমাদের নতুন পরিচয়ে ভূষিত করেছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল আখতার বলেন, একটি গ্রামের শ্রমজীবী মানুষের এমন অর্জন সত্যিই প্রশংসনীয়।