গরু ফেরত এনেও বিপাকে খামারি ও ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এবার কোরবানির পশুর হাটে গরুর আশানুরূপ দাম মেলেনি। তাই অনেকে গরু বিক্রি না করে ফেরত এনেছেন। আর এখন সেই ফিরিয়ে আনা গরু নিয়ে তাঁদের বিপাকে পড়তে হয়েছে। কারণ, গোখাদ্যের যে দাম, তাতে এসব গরু পালন করা তাঁদের জন্য কঠিন হয়ে পড়বে।
কয়েকজন গরু পালনকারী ও খামারির সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার অনেকে কোরবানির ঈদ সামনে রেখে গরুর ব্যবসা করে থাকেন। ঈদ মৌসুমে তাঁরা এ ব্যবসা থেকে মোটা অঙ্কের লাভ পান। ব্যবসায়ীদের পাশাপাশি ঈদের সময়ে অনেক দরিদ্র লোকজন গরু পত্তন নিয়ে থাকেন। গরু কেনার টাকা বাদ দিয়ে বাড়তি যে লাভ হয়, সে টাকা মালিক ও পালনকারী সমান ভাগে ভাগ করে নেন। কিন্তু এবার কোরবানির পশুর বাজার নিম্নমুখী হওয়ায় ব্যবসায়ী ও পালনকারীদের বড় ধরনের লোকসানের মুখে পড়তে হয়েছে। সুদের ওপর ঋণ নিয়ে যাঁরা গরুর ব্যবসা করেন, তাঁরা পড়েছেন আরও বড় ধরনের সংকটে। তাঁদের ধারণা ছিল, ঋণের টাকা শোধ করার পরও লাভ থাকবে। কিন্তু লাভ তো দূরের কথা, ব্যাপক লোকসানের কারণে এখন ঋণ শোধের বিষয় নিয়ে তাঁরা দিশেহারা হয়ে পড়েছেন।
উপজেলার ছাতুয়া গ্রামের রজব আলী (৫০) জানান, ছয় মাস আগে ৫০ হাজার ২০০ টাকায় দুটি গরু নিয়েছিলেন। ঈদের হাটের আগ পর্যন্ত গরুর পেছনে ১৫ হাজার টাকা খরচ হয়েছে। মহাস্থানগড় হাটে ওঠালেও আশানুরূপ দামে ক্রেতা ছিল না। পরে ব্যাপারীদের সঙ্গে কথা বলে বগুড়া শহরে নিয়ে যান। সেখানেও একই অবস্থা। আবার টাকা খরচ করে গরু বাড়ি ফিরিয়ে এনেছেন। এই গরুর খোরাক বেশি, অপরদিকে গোখাদ্যের দামও চড়া। তাই চোখেমুখে অন্ধকার দেখছেন তিনি।
মাঝিহট্ট গ্রামের আমিনুল ইসলাম (৪০) বলেন, ‘ঈদের এক মাস আগে থেকে গ্রামে গ্রামে ঘুরে ১৬টি গরু কিনেছিলাম। পরে সেগুলো লাভের আশায় বগুড়া শহরে নিয়ে যাই। মাত্র চারটি বিক্রি হয়। ফেরত আনার ঝামেলা ও পরবর্তী খরচের কথা চিন্তা করে শেষ দিনে ৪০ হাজার টাকা লোকসানে গরুগুলো বিক্রি করলাম। এখনো আমার কাছে গরুর বেশ কয়েকজন মালিক টাকা পাবেন। কীভাবে তা শোধ করব, তা বুঝে উঠতে পারছি না।’
কেলুঞ্জা গ্রামের গরু ব্যবসায়ী রাশেদুল আনোয়ার বলেন, ‘হাটে এবার ১৫টি গরু তুলেছিলাম। কিন্তু ন্যায্য দামে ক্রেতা মেলেনি। পরিবহন ব্যয় ও বিভিন্ন দেনা শোধ করতে বাধ্য হয়ে লোকসানেই গরু বিক্রি করেছি। এরপর আমি আর কখনো গরুর ব্যবসা করব না।’