গরু বলে মহিষের মাংস বেচার দায়ে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওজনে কম দেওয়া, বাসি খাবার সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে তিন ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফোরকান এলাহি অনুপম।
এদিকে স্কুল শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে বিতরণের চিপস ও চকলেট খোলা বাজারে বিক্রির অপরাধে ছয় দোকানিকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নগরের রেয়াজউদ্দিন বাজারে এ অভিযান চালানো হয়।
সিটি করপোরেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরের চান্দগাঁওয়ের কাজীর হাটে ওজনে মাংস কম দেওয়ায়, মহিষের মাংস গরুর মাংস বলে বিক্রি এবং কসাইখানার রসিদ দেখাতে ব্যর্থ হওয়ায় মো. রমজান আলীকে ২০ হাজার, মো. ইসমাইলকে ৫ হাজার ও মো. এনামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া পচাবাসি খাবার সংরক্ষণ, পোড়া তেলের ব্যবহার এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে নুডলস তৈরি করায় জুবিলি রোডের তাইওয়া চায়নিজ রেস্টুরেন্টকে ৫৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও নগর পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
রেয়াজউদ্দিন বাজারে অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন। তাঁকে সহায়তা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ, হাসান বিন আলি ও আর্মড পুলিশের সদস্যরা।
অভিযানে ১ হাজার ৩৫০ প্যাকেট বিনা মূল্যে বিতরণের খাবার জব্দ করা হয়। এ সময় চন্দন বিশ্বাস, গোপাল চন্দ্র দত্ত, যাদব দে, স্বপন দে ও অমল কান্তি দাস নামের পাঁচজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন বলেন, শিশুদের স্কুলমুখী করার জন্য সরকার শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার হিসেবে হাই প্রোটিন চকলেট ও চিপস বিতরণ করে। কিছু অসাধু ব্যবসায়ী খোলা বাজারে অবৈধভাবে স্কুল ফিডিং প্রোগ্রামের বিনা মূল্যের খাবার বিক্রি করছিলেন। তাই তাঁদের জরিমানা করা হয়।
অন্যদিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরীনা রহমানের নেতৃত্বে গতকাল কোতোয়ালি থানা এলাকায় ‘মোটরযান অধ্যাদেশ ১৯৮৩’-এর আওতায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চালকের লাইসেন্স না থাকা, নিবন্ধন ও ফিটনেসবিহীন মোটরযান চালানো, নিষিদ্ধ হাইড্রলিক হর্নের ব্যবহার এবং হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে ২২টি মামলায় ৯ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।