গরু বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ, এখন তাঁকে বাঁচাবে কে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোয়ালঘরে ছিল তিনটি গাভি। এগুলোই দরিদ্র পরিবারটির শেষ সম্বল। সেই গোয়ালঘরে গত শুক্রবার আগুন লেগে যায়। গরুগুলো বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে ছুটে যান গৃহকর্তার স্ত্রী। গরুগুলোকে বাঁচাতে পারলেও তিনি নিজে অগ্নিদগ্ধ হয়ে এখন হাসপাতালে। কীভাবে চিকিৎসার খরচ জুটবে, সেই চিন্তায় উদ্বিগ্ন হয়ে আছেন।

বেদনাদায়ক এ ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বোড়ামারা গ্রামে। হতদরিদ্র মসলেম আলী জোয়ার্দারের (৫৫) গোয়ালঘরে শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

মসলেম আলী প্রথম আলোকে বলেন, আগুনে তাঁর স্ত্রী সুকজান বেগমের (৪৫) শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে। তিনি শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। চিকিৎসকেরা বলেছেন, উন্নত চিকিৎসার জন্য সুকজানকে দ্রুত ঢাকায় নিতে হবে। কিন্তু অর্থের অভাবে তিনি নিতে পারছেন না। আগুনে দগ্ধ হওয়া শেষ সম্বল গাভিগুলোরও চিকিৎসা করানো যাচ্ছে না।

পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে মসলেমের গোয়ালঘরে অগ্নিকাণ্ডের বিষয়টি টের পাওয়া যায়। আগুনের উৎস জানা যায়নি। ঘটনার সময় মসলেম বাড়িতে ছিলেন না। তাঁর স্ত্রী সুকজান জীবনের পরোয়া না করে দাউ দাউ করে জ্বলতে থাকা গোয়ালঘরে ঢুকে পড়েন। সুকজান রশি কেটে দিলে গরুগুলো বেরিয়ে আসে। ততক্ষণে গাভি তিনটি ঝলসে যায়। একই অবস্থা হয় তাঁরও। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

মসলেম আলী বলেন, স্ত্রী ও দুই ছেলে নিয়ে তাঁর সংসার। গাভি লালন-পালন করেই সংসার চলে। অগ্নিদগ্ধ গাভি তিনটি মাস পাঁচেক আগে কেনেন। দাম ৩০-৪০ হাজার টাকার মধ্যে। এগুলো পাঁচ-ছয় মাস পর বিক্রি করতেন। আর গোয়ালঘর বানাতে প্রায় ২০ হাজার টাকা খরচ হয়। গাভি তিনটি অগ্নিদগ্ধ হওয়ার পাশাপাশি গোয়ালঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। মসলেম বলেন, হাসপাতালে যন্ত্রণায় ছটফট করছেন স্ত্রী সুকজান। বাড়িতে গরুগুলোরও একই অবস্থা। কিন্তু চিকিৎসা করানোর সামর্থ্য নেই তাঁর। কী করবেন ভেবে পাচ্ছেন না।

শৈলকুপার ইউএনও ওসমান গনি গতকাল শনিবার বলেন, তিনি মসলেম আলীর বাড়িতে গিয়েছিলেন। পরিবারটিকে সহায়তার জন্য তিনি জেলা প্রশাসনের সঙ্গে কথা বলবেন।