গরু বাঁচাতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের তারে আটকে পড়া গরুকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোলাইমান আলী নামের এক ব্যক্তি মারা গেছেন। তাঁকে উদ্ধার করতে গিয়ে আহত হয়েছেন ছেলে বেলাল হোসেন। গত মঙ্গলবার রাজশাহীর বাগমারা উপজেলার বড়বিহানালী গ্রামে এ ঘটনা ঘটে। আহত বেলালকে (২৮) স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে বড়বিহানালী গ্রামের কৃষক সোলাইমান আলী (৫৪) গোয়ালঘরে গরু রাখতে যান। এ সময় গোয়ালের পাশে থাকা বিদ্যুতের তারে গরুটি জড়িয়ে যায়। সোলাইমান গরুটিকে উদ্ধার করতে যান। তিনি গরুটিকে উদ্ধার করতে পারলেও নিজে ওই তারে জড়িয়ে যান। গোয়ালের পাশে থাকা সোলাইমানের ছেলে বেলাল হোসেন তাঁর বাবাকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। প্রতিবেশীরা এসে বেলালকে উদ্ধার করেন। কিন্তু সোলাইমান আলী মারা যান।