গরু বেচে কাঁদছে হাওরপারের কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরপারের জামলাবাজ গ্রামের কিষানি জবা রানী তালুকদার (৩৫)। হাওরের দিকে তাকিয়ে গঙ্গা দেবীর উদ্দেশে জোড় হাত করে প্রণাম করলেন। গণ্ডদেশ বেয়ে গড়িয়ে পড়া দুই ফোঁটা অশ্রু শাড়ির আঁচলে মুছলেন। গোয়ালঘরের সামনে দাঁড়ানো জবা রানীর ছেলে অনুকূল ও মেয়ে জুঁইয়ের চোখেও জল। সবাই কাঁদছে কেন—জানতে চাইলে জবা রানী জানান, এ বছর হাওরের ১৮ কিয়ার (৩০ শতকে এক কিয়ার) জমিতে ধানের চাষ করেছিলেন। কিন্তু এক কিয়ার জমির ধানও কাটতে পারেননি। ফলে গরুর জন্য ঘরে খড় রাখতে পারেননি। এ অবস্থায় আর্থিক অনটন দূর করতে এবং গোখাদ্যের সংকটে শেষ সম্বল গোয়ালের দুটি গরু বিক্রি করে দিচ্ছেন। আগে আরও পাঁচটি গরু বিক্রি করেছেন। গত ২৭ জুন জামলাবাজ গ্রামে গিয়ে এ দৃশ্য দেখা যায়। জবা রানী বলেন, ‘অভাবের সংসারে বহুত কষ্ট কইরা পোলাপানরে লইয়া নিজের সাতটি গরু করছিলাম।’ কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান কবীর বলেন, ‘ফসল হারিয়ে গবাদিপশুর খাবারের সংকট এবং পারিবারিক অভাব দূর করতে ইতিমধ্যে হাওরপারের ৮০ ভাগ গবাদিপশু বিক্রি করে দিয়েছেন কৃষকেরা। অবশিষ্ট ২০ ভাগ গবাদিপশু কৃষকের গোয়ালে রাখার জন্য সরকারের পক্ষ থেকে কৃষকদের সহায়তা করতে হবে।’জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্র জানায়, এ বছর সুনামগঞ্জের হাওরাঞ্চলের ৮০ ভাগ ফসলই পানিতে তলিয়ে গেছে। তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী জানান, এ বছর অকালবন্যায় তাহিরপুর উপজেলার ২৩টি হাওরের ১৩ হাজার ২৫০ হেক্টর জমির মধ্যে ১০ হাজার ৩৩৭ হেক্টরের ফসল পানিতে তলিয়ে গেছে। এ অবস্থায় কৃষকেরা ধান সংগ্রহের চেষ্টা করছেন। কোনো খড় সংগ্রহ করতে পারেননি। তাই হাওরপারে এ বছর গোখাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। রসুলপুর গ্রামের কৃষক শমসের আলমের পাঁচটি গাভি ছিল। গাভিগুলো তাঁকে সাত থেকে ১০ কেজি দুধ দিত। পরিবারের জন্য এক কেজি রেখে বাকি দুধ তিনি বিক্রি করে দিতেন। মাটিয়ান হাওরে ১০ কিয়ার জমিতে ধানের চাষ করেও কাটতে পারেননি তিনি। গরুর জন্য খড় জোগাড় করতে না পেরে এবং পারিবারিক ব্যয় নির্বাহের জন্য ইতিমধ্যেই তিনটি গাভি বিক্রি করে দিয়েছেন শমসের আলম। উপজেলার বৃহৎ পশুর বাজার বাদাঘাট। এ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাখাবউদ্দিন বলেন, ‘বাদাঘাট বাজারে গরুসহ গবাদিপশু অনেক কম দামে বিক্রি হচ্ছে।’ দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশীদ বলেন, ‘ভবিষ্যতে হাওরে ফসলডুবির এমন ঘটনা না ঘটলেও কৃষকের শূন্য গোয়াল পূরণ হতে ১৫ বছর লাগবে।’ মহালিয়া হাওরপারের কৃষক মধু দাশ (৩৫) বলেন, ‘গরুর কেড় (খড়) নাই। নিজের ঘরেও খানি (খাবার) নাই, তাই গরু বেইচ্চা দিছি।’ নোয়াবন্দ গ্রামের কৃষক রুহুল আমিন বলেন, ‘কৃষকেরা গোয়ালের গরুকে নিজের সন্তানের মতো আদর করে। তাই গরু হারানোর কষ্টে কৃষক পরিবারগুলো চোখের জল ফেলছে।’ মাটিয়ান হাওর উন্নয়ন কমিটির সভাপতি আবদুল জলিল তালুকদার বলেন, ‘১২০ কিয়ার জমির মধ্যে এক কিয়ার জমির ধানও কাটতে পারিনি। খাদ্য-সংকটের কারণে গোয়ালের ২০টি গরুই বিক্রি করে দিয়েছি। আমার শখের এ গরু কেউ কিনে নিয়ে যাবে—এ দৃশ্য সহ্য করতে পারব না। তাই ওই দিন বাড়ি ছিলাম না।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান বলেন, ‘গোখাদ্য না থাকায় এবং পরিবারের আর্থিক চাহিদা মেটাতে গরু বিক্রি করছেন কৃষকেরা। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।’