গরু বেচে দেনা শোধ
পাবনার বেড়া উপজেলার গোখাদ্যের দোকানগুলোয় হালখাতা চলছে। হালখাতায় দেনা শোধ করতে অনেক খামারি বাধ্য হচ্ছেন গরু বেচতে। আবার কোনো কোনো খামারি দাদন ব্যবসায়ীদের কাছে স্বল্পমূল্যে খামারের দুধ বিক্রির চুক্তিতে টাকা নিয়ে দেনা শোধ করছেন।খামারিরা জানান, গোখাদ্যের দাম বেড়েই চলেছে। কিন্তু সেই তুলনায় দুধের দাম বাড়েনি। ফলে বেশ কিছুদিন ধরে ব্যাপক লোকসান গুনে তাঁরা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। বিশেষ করে খৈল, ভুসিসহ বিভিন্ন প্রকারের গোখাদ্যের দোকানে তাঁদের মোটা অঙ্কের টাকা বাকি পড়ে গেছে। গোখাদ্য ব্যবসায়ীসহ পাওনাদারেরা বাকি পরিশোধের জন্য খামারিদের চাপ দিচ্ছেন। প্রায় এক মাস ধরে গোখাদ্য ব্যবসায়ীরা পাওনা আদায়ের জন্য তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠানে হালখাতার আয়োজন করছেন। খামারের গরু বিক্রি করে খামারিরা হালখাতায় দেনা শোধ করছেন। জগন্নাথপুর গ্রামের খামারি শহীদুল ইসলাম বলেন, ‘খৈল-ভুসির দোকানে সারা বছরে প্রায় ৫০ হাজার টাকা বাকি পড়ছিল। হালখাতায় বাকি শোধ করার জন্য খামারের দুটি গরু বেইচ্যা দিছি।’ স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, কোনো কোনো খামারি দেনা শোধের জন্য দাদন ব্যবসায়ীদের দ্বারস্থ হচ্ছেন। দাদন ব্যবসায়ীদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে খামারিরা গোখাদ্য ব্যবসায়ী ও অন্যান্য পাওনাদারের ঋণ শোধ করছেন।বেড়া পৌর এলাকার শম্ভুপুর মহল্লার খামারি মানিক হোসেন বলেন, ‘এক দুধ ব্যবসায়ীর কাছের থেকে ২৫ হাজার টাকা অগ্রিম নিয়া গোখাদ্যের দেনা শোধ করছি। এ জন্য দুধ ব্যবসায়ীর কাছে বাজার দরের চাইতে দুই টাকা কমে সারা বছর দুধ বেচা লাগবি।’নগদ দামে গোখাদ্য কিনেছেন এমন অনেক খামারি লোকসানে পড়ে গরু বেচতে বাধ্য হচ্ছেন। উপজেলার দক্ষিণ চরপেঁচাকোলা গ্রামের ইব্রাহিম হোসেনের খামারে ১৯টি গাভিসহ গরু রয়েছে ৪৬টি। তিনি বলেন, ‘দু-তিন বছর আগেও খামারের দুধ বেচে বছরে দুই থেকে তিন লাখ টাকা লাভ হতো। অথচ গত এক বছরে লাভ তো দূরের কথা, উল্টো দেড় থেকে দুই লাখ টাকা লোকসান হয়েছে। লোকসানের মুখে ঋণগ্রস্ত হয়ে খামারের ছয়টি গরু বেচতে হয়েছে।’ বেড়াসহ পাবনার সাঁথিয়া, ফরিদপুর, ভাঙ্গুড়ায় প্রচুর দুধ উৎপাদিত হওয়ায় এ এলাকা থেকে মিল্ক ভিটা, আড়ং, প্রাণ, ফার্ম ফ্রেশ, অ্যামোমিল্ক, আফতাব, রংপুর ডেইরিসহ কয়েকটি দেশীয় প্রতিষ্ঠান তরল দুধ সংগ্রহ ও প্রক্রিয়াজাত করে সারা দেশে খোলাবাজারে বিক্রি করে থাকে।খামারিরা জানান, গোখাদ্যের দাম যেভাবে বাড়ছে তাতে প্রতি লিটার দুধের উৎপাদন খরচ ৪০ টাকার ওপরে পড়ছে। এ জন্য তাঁরা দীর্ঘদিন ধরে দুধ সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলোর কাছে দুধের দাম কমপক্ষে ৪২ টাকা দাবি করে আসছেন। কিন্তু প্রতিষ্ঠানগুলো প্রতি লিটার দুধের দাম দিচ্ছে ৩৭ থেকে ৩৯ টাকা। মিল্ক ভিটার আওতাধীন হাঁটুরিয়া-জগন্নাথপুর প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি মোমিন মোল্লা বলেন, ‘আমার সমিতির ১৫০ জন সদস্যের (খামারি) বেশির ভাগই ক্রমাগত লোকসান দিয়ে এখন ঋণগ্রস্ত। ঋণ শোধ করতে অনেকেই গরু বেচতে বাধ্য হচ্ছেন।’মিল্ক ভিটা বাঘাবাড়ী কারখানার ব্যবস্থাপক (সমিতি) জাহাঙ্গীর হোসেন ও প্রাণ ডেইরির সহকারী মহাব্যবস্থাপক শরীফ উদ্দিন তরফদার জানান, খামারিদের কাছ থেকে প্রতি লিটার দুধ তাঁরা ৩৭ থেকে ৩৯ টাকায় কিনছেন। আপাতত দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে তাঁরা জানান।