গরু বেশি, ক্রেতা কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্টার্ন হাউজিং গরুর হাটে বেশি গরু দেখা গেলেও ক্রেতার সংখ্যা ছিল কম। ছবি: আশরাফুল আলম।
ইস্টার্ন হাউজিং গরুর হাটে বেশি গরু দেখা গেলেও ক্রেতার সংখ্যা ছিল কম। ছবি: আশরাফুল আলম।

ঈদের বাকি আর তিন দিন। তবে গরু কেনা-বেচা জমেনি। রাজধানীর সবচেয়ে বড় পশুর হাট গাবতলীতে এখন গরু বেশি, ক্রেতা কম। হাট ইজারার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশের বিভিন্ন স্থান থেকে গরু আসছে, কিন্তু গত দুই দিনের বৃষ্টিতে ক্রেতারা হাটে আসেনি।

গাবতলী পশু হাটের হাসিলঘরে দায়িত্বরত কর্মী মো. সরোয়ার বলেন, আজ সকাল আটটা থেকে বেলা ১টা পর্যন্ত মাত্র ৫০টি গরু বিক্রি হয়েছে।
পশুর হাটের ইজারাদারদের ব্যবস্থাপক মো. সানোয়ার হোসেন বলেন, গরু যথেষ্ট এসেছে, এখনো আসছে; কিন্তু ক্রেতা কম। তবে কেনাবেচা এখন পর্যন্ত কম হলেও আগামীকাল রাত থেকে বেচাকেনা বাড়তে পারে।
মাগুরা থেকে গরু নিয়ে গাবতলী হাটে আসা দুলাল মিয়া জানান, তিনি ১৮টি গরু নিয়ে গত রাত ১২টার দিকে গাবতলী হাটে এসেছেন। তবে আজ বেলা ১টা পর্যন্ত একটি গরুও বিক্রি হয়নি।
কুষ্টিয়ার লাহিনীপাড়া থেকে হাটে আসা করম আলী বলেন, আটটি বড় আকারের গরু নিয়ে শনিবার গাবতলী হাটে এসেছেন তিনি। তবে এখন পর্যন্ত একটি গরুও বিক্রি করতে পারেননি। তাঁর আনা সবচেয়ে বড় গরুটির দাম হেঁকেছেন ছয় লাখ ২০ হাজার টাকা। কালো রঙের এ গরুটির দাম উঠেছে দুই লাখ ৮০ হাজার টাকা পর্যন্ত। তাঁর দাবি, গরুটিতে ১১ মণ মাংস হবে। বাছুর অবস্থায় কিনে সেটিকে পালন করে বড় করেছেন তিনি। তাঁর দাবি, গরুটির পেছনে তাঁর সাড়ে তিন লাখ টাকা খরচ হয়েছে। এখন সাড়ে চার লাখ টাকায় তিনি এটি বিক্রি করে দেবেন।
এদিকে ক্রেতাদের মধ্যে গরুর দাম নিয়ে হতাশা দেখা গেছে। ঢাকার মোহাম্মদপুর থেকে গাবতলী হাটে গরু কিনতে আসা আনিসুর রহমান মনে করছেন, এবারে গরুর দাম অনেক বেশি। প্রায় চার ঘণ্টা ধরে পশুর হাট ঘুরে একটি মাঝারি ও একটি ছোট গরু কিনতে পেরেছেন তিনি। মাঝারি আকারের গরুটির দাম পড়েছে ৪৩ হাজার টাকা ও ছোটটির দাম পড়ছে ৩০ হাজার টাকা।
আনিসুরের দাবি, গরুর যে দাম হাঁকানো হচ্ছে তাতে মধ্যবিত্তরা ছোট ও মাঝারি গরুর দিকে বেশি ঝুঁকছেন।

গরু বেশি, ক্রেতা কম। ছবি: আশরাফুল আলম।
গরু বেশি, ক্রেতা কম। ছবি: আশরাফুল আলম।

ইস্টার্ন হাউজিং গরুর হাট
গাবতলী হাটের মতোই ক্রেতাশূন্য অবস্থা রাজধানীর ইস্টার্ন হাউজিংয়ের পশুর হাটেও। এখানকার ক্রেতারা বলছেন, প্রচুর গরু এলেও বিক্রেতারা গরুর দাম হাঁকাচ্ছেন বেশি।
গরু কিনতে আসা আরিফুর রহমান বলেন, গরুর সরবরাহ ও ক্রেতার পরিস্থিতি দেখে, গরু বিক্রি করবেন বলে অপেক্ষায় আছেন ক্রেতারা। এবার গরুর দাম তুলনামূলকভাবে বেশি। গতবার যে গরু ২৫ হাজারে কেনা সম্ভব হয়েছিল এবার দাম তাঁর প্রায় দ্বিগুণ হাঁকানো হচ্ছে।
শেরপুর থেকে ৩০টি ছোট ও মাঝারি আকারের গরু নিয়ে ইস্টার্ন হাউজিং হাটে আসা মোহাম্মদ জালাল উদ্দিন ছোট গরুর দাম হাঁকছেন ৪৭ হাজার টাকা। তিনি বলেন, গরু ছোট হলেও ৩৫-৪০ হাজারের কমে তিনি বিক্রি করবেন না।
পশুর হাট পরিচালনার সঙ্গে যুক্ত মো. মিজান বলেন, হাটে ক্রেতা কম। হাটে তিনটা হাসিল ঘর আছে। কেনাবেচা কম বলে একটিতে কাজ চলছে। বিক্রি বাড়লে অন্যগুলো চালু হবে।
হাটে ভারতীয় গরু
গাবতলী ও ইস্টার্ন হাউজিং গরুর হাট ঘুরে দেখা গেছে, হাটে মাঝারি ও ছোট আকারের দেশি গরু বেশি। তবে ভারতীয় বা অন্য দেশের গরুও আছে। বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম বলেন, গরু আসছে। পথেও প্রচুর গরু আছে। যে ধরনের গরু আসছে তাতে এবার সংকট হবে না। সবাই গরু পাবেন। গতবারের চেয়ে এবার দাম কিছুটা বেশি হবে। কোরবানি উপলক্ষে ভারত থেকে গরু আসছে। এ ছাড়াও মিয়ানমার, নেপাল ও ভুটানের গরুও দেশে ঢুকছে।