ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিদায়ী প্রধান ইউ কে বানসাল বলেছেন, গরু পাচারের কারণে বাংলাদেশ-ভারত সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। এ সমস্যা মোকাবিলার সবচেয়ে উত্তম পথ হতে পারে এ ব্যবসাকে বৈধতা দেওয়া।গতকাল শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিএসএফের বার্ষিক সংবাদ সম্মেলনে বানসাল এ পরামর্শ দেন।বিএসএফের প্রধান বলেন, ‘আমাদের সবাইকে বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দিয়ে এ সমস্যার সমাধান সম্ভব নয়।’টিএনএন নামের ভারতের একটি বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়, মাত্র ২৫ রুপির বিনিময়ে গরু পাচার করতে গিয়ে অনেক বাংলাদেশি নিহত হয়। আর তাদের প্রতিরোধ করতে গিয়ে হুমকির মুখে পড়ে বিএসএফ সদস্যদের জীবন। তবে এ ক্ষেত্রে কিছু দুর্নীতির খবরও পাওয়া যায়।বাংলাদেশে বছরে প্রায় দুই হাজার কোটি টাকার মাংসের বাজার রয়েছে। এ কারণে নিরাপত্তা বাহিনী বা সীমান্তরক্ষী বাহিনীর পক্ষে গরু পাচার বন্ধ করা কঠিন। তবে গরুর ব্যবসাকে বৈধতা দেওয়ার এ পরামর্শে গরু রক্ষার দাবিতে আন্দোলনকারীরা ক্ষিপ্ত হবে। কাজেই সরকার হয়তো বিষয়টি বিবেচনা করবে না। তবে বিষয়টি নিয়ে আলোচনা করা যেতে পারে। টাইমস অব ইন্ডিয়া।