গরু-মহিষ মেরে কাঁকড়া শিকার!
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বড়বাইশদিয়া ও রাংগাবালি ইউনিয়নে গবাদিপশুর ওপর সশস্ত্র হামলার ঘটনা বেড়েই চলেছে। গভীর রাতে দুর্বৃত্তরা কৃষকদের খোঁয়াড়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গবাদিপশু জখম বা হত্যা করে। এলাকাবাসীর ধারণা, সামুদ্রিক কাঁকড়াশিকারিরা শিকারের টোপের জন্য গবাদিপশু হত্যা বা জখম করছে। বড়বাইশদিয়া ইউনিয়নের মণিপাড়া গ্রামের কৃষক মো. লিটন মিয়া জানান, ৫ মে গভীর রাতে দুর্বৃত্তরা তাঁর খোঁয়াড়ে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে দুটি গরু কুপিয়ে জখম করে। ওই ইউনিয়নের তুলাতলী গ্রামের কৃষক রহম আলী (৬৫) জানান, ৪ মে রাতে তাঁর একটি গরুর পেছনের দুই পায়ের রগ ধারালো অস্ত্র দিয়ে কে বা কারা কেটে দিয়েছে। একই রাতের আরেকটি ঘটনা জানান ইউনিয়নের দক্ষিণ তুলাতলী গ্রামের কৃষক এছাহাক মোল্লা (৬০)। তাঁর খোঁয়াড়ে বাঁধা দুটি মহিষের পেছনের দুই পায়ের রগ কেটে দেওয়া হয়েছে। এর আগে গত ২৭ এপ্রিল রাতে রাংগাবালি ইউনিয়নের চর কানকুনি মৌজার গেরাখালী গ্রামের কৃষক মো. শাহজালাল গাজীর একটি মহিষের পেছনের দুটি পা কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনি রাংগাবালি থানায় অভিযোগ দায়ের করেন। তিনি জানান, গত কয়েক মাসে তাঁর আরও পাঁচটি মহিষ নিখোঁজ হয়েছে। তাঁর দাবি, কাঁকড়াশিকারিরা তাঁর সব কটি মহিষ মেরে শিকারের টোপ হিসেবে ব্যবহার করেছে।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সামুদ্রিক কাঁকড়াশিকারি জানান, গবাদিপশুর পচা মাংস কাঁকড়ার প্রিয় খাবার। তবে কারও গরু-মহিষ মেরে শিকারের টোপ বানানোর সঙ্গে তাঁরা কেউই জড়িত নন।রাংগাবালি থানার ওসি মো. আকতার মোর্শেদ বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।