গরু মোটাতাজা করতে গিয়ে কারাগারে
গরু মোটাতাজা করার জন্য জার্মানি ও দক্ষিণ কোরিয়ার দুটি কোম্পানির ওষুধ নকল করা এবং অনুমোদনহীন ওষুধ তৈরি ও বাজারজাত করার দায়ে গতকাল বুধবার কথিত একটি ওষুধ কোম্পানির মালিককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
কোম্পানির নাম ‘ফাস্ট অ্যাগ্রোভেট লিমিটেড’। এর মালিকের নাম সেলিম মিঞা (৩৮), বাড়ি জামালপুরে। আদালত তাঁকে এক লাখ টাকা জরিমানাসহ তিন মাসের কারাদণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত কেমিস্টের নাম আবুল কালাম (২৫)। বাড়ি রাজশাহী নগরের ভদ্রা এলাকায়। তাঁর এক মাসের কারাদণ্ড হয়েছে।
সেলিম মিঞা এর আগে একটি গরু মোটাতাজাকরণের ওষুধ তৈরির কোম্পানিতে চাকরি করতেন। ২০০৬ সালে তিনি রাজশাহীতে এসে এই ব্যবসা শুরু করেন। আদালত পরিচালনা করেন রাজশাহীর নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ আসিফ রহমান।
আদালত সূত্রে জানা গেছে, নগরের বালিয়াপুকুর এলাকার একটি বাসা ভাড়া নিয়ে এই কারখানা করা হয়েছে। বাসার চারটি কক্ষে এই কারখানার কারবার করা হচ্ছিল। কারখানায় ছয়জন নারী ও চারজন পুরুষ কর্মচারী রয়েছেন। এ ছাড়া একজন নারী ব্যবস্থাপক রয়েছেন। এই কারখানার ভেতরে কোম্পানির ওষুধের মোড়কে সিল ও সর্বোচ্চ খুচরামূল্য লেখার ব্যবস্থা রয়েছে। গোটা দেশেই তাদের তৈরি ওষুধের বাজার রয়েছে বলে জানা গেছে।
গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে এ অভিযান পরিচালনাকালে দেখা যায়, জার্মানি ও দক্ষিণ কোরিয়ার দুটি কোম্পানির নামে তারা নিজেরাই ওষুধ তৈরি করছে। তাদের মেমোতে ৭৯ পদের ওষুধের নাম রয়েছে। তার মধ্যে গরু মোটাতাজাকরণ-সংক্রান্ত সাত-আট পদের ওষুধ তারা তৈরি করে। তারা আবাসিক এলাকায় এই কারখানা পরিচালনা করছিল। পরিবেশ অধিদপ্তরেরও কোনো অনুমোদন নেই। আদালতের কাছে সেলিম মিঞা দোষ স্বীকার করে বলেছেন, তাঁর ভুল হয়ে গেছে।