গরুও রক্ষা পাচ্ছে না: কাদের

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির দাবি আদায়ের সহিংস আন্দোলনে প্রায় প্রতিদিনই আগুনে পুড়ে সাধারণ মানুষ মারা যাচ্ছে। তাদের হাত থেকে গবাদিপশুও রক্ষা পাচ্ছে না। তিনি বলেন, বিরোধী দল আন্দোলনের ঘোষণা দেয়, আর তা বাস্তবায়ন করে উগ্রপন্থীরা। বিএনপির নেতা-কর্মীরা মাঠে থাকেন না।
আজ বুধবার মানিকগঞ্জ-সিংগাইর সড়কের নয়াকান্দি সেতুর নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন যোগাযোগমন্ত্রী।
ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলন ভুলের চোরাবালিতে আটকে গেছে। তাদের রণকৌশল সঠিক হতে হবে। হরতাল, অবরোধ কিংবা ‘ঢাকা চলো অভিমুখে যাত্রা’ যা-ই বলুক না কেন, তা জমে উঠছে না। এসব আন্দোলনে জনগণের সম্পৃক্ততা না থাকায় তা ভাঙা হাটে পরিণত হয়েছে।
বিরোধীদলীয় নেতার কাছে প্রশ্ন রেখে যোগাযোগমন্ত্রী বলেন, ২৯ ডিসেম্বর ঢাকামুখী ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচি গণতন্ত্র রক্ষার নাকি গণতন্ত্র ধ্বংসের অভিযাত্রা?
বিরোধী দলের কর্মসূচিতে সরকার বাধা দেবে কি না, জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, তাদের এই কর্মসূচি শান্তিপূর্ণ কিংবা অহিংস হলে সরকার তাতে বাধা দেবে না। তবে এই কর্মসূচি রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। আর কর্মসূচি ‘গণতন্ত্র ধ্বংসের অভিযাত্রা’ হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যথাযথ পদক্ষেপ নেবেন।
এ সময় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহাবুদ্দীন খান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, মানিকগঞ্জের পৌর মেয়র মো. রমজান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।