গরুকে খাওয়ানো হচ্ছে আলু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরে আলু, উঠানে আলু, মেঝেতে আলু—এমনকি বিছানার ওপরে-নিচেও আলু। তবু হাসি নেই, ঘুম নেই তারাগঞ্জের চাষিদের। ক্রেতার প্রতীক্ষায় থাকতে থাকতে তাঁদের এ আলুতে পচন ধরেছে। নিরুপায় হয়ে এখন গরুকে আলু খাওয়াচ্ছেন তাঁরা। লক্ষ্মীপুর গ্রামের আলুচাষি মেনহাজুল ইসলাম বলেন, ‘এমতোন বিপদ ভাই জেবোনে দেখনাই। ২০০ টাকা খরচ করি ১০ মণ আলু তারাগঞ্জ হাটোত বেচপার নিয়াগেছনু, তা ১৪০ টাকা মণ দরেও বেচপার ক্রেতা পাওনাই। শেষে রাগ হয়া আলু বাড়িত আনি থুচুন। প্রত্যেক দিন ১০ সের করে আলু গরুক খাওয়াছুন।’ তারাগঞ্জ বাজারে আলু বিক্রি করতে আসা বুড়িরহাট গ্রামের কৃষক আজিজুল ইসলাম জানান, ৬০ হাজার টাকা খরচ করে এক একর জমিতে তিনি সাদা জাতের আলু পেয়েছেন ২৫০ মণ। বর্তমানে সাদা আলুর দাম সর্বোচ্চ ১৪০ টাকা মণ আর সর্বনিম্ন ১২০ টাকা। মাঝামাঝি ধরে হিসাব করলে ১৩০ টাকা মণে তাঁর টাকা উঠবে ৩২ হাজার ৫০০ টাকা। এতে এ বছর আলু উৎপাদন করে তাঁর ক্ষতির পরিমাণ প্রতি একরে ২৭ হাজার ৫০০ টাকা। তারাগঞ্জ উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজেদুল ইসলাম বলেন, এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আলুর চাষ হয়েছে। আলু সংরক্ষণের হিমাগার নেই। যে দুটি হিমাগার রয়েছে, সেখানে আলু সংরক্ষণের ধারণক্ষমতা ১১ হাজার ৩৪০ মেট্রিন টন। মৌসুমের শুরুতে আলুর দাম না থাকায় এবং হিমাগারে আলু রাখার জায়গা কৃষকেরা না পাওয়ায় তাঁরা অপরিকল্পিতভাবে বাড়ির উঠানে, মেঝেতে ও বাইরে আলু রেখেছেন।