গরুকে ভাত খাওয়াচ্ছেন সিরাজগঞ্জের কৃষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কৃষকেরা গবাদিপশুকে এখন ভাত খাওয়াতে শুরু করেছেন। কৃষকেরা বলছেন, সম্প্রতি গো-খাদ্যের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। ভুসির দাম এখন চালের দামের চেয়ে অনেক বেশি। তাই এক মাস ধরে তাঁরা গরুকে ভাত খাওয়াচ্ছেন।কৃষক, খামারমালিক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে খোলা বাজারে প্রতি কেজি গম, ছোলা ও খেসারির ভুসি ৩৫ থেকে ৩৮ টাকায় বিক্রি হচ্ছে। অথচ এক কেজি মোটা চাল বিক্রি হচ্ছে ২৫ থেকে ২৭ টাকায়। এক মাস আগেও প্রতি কেজি ভুসির মূল্য ছিল ১৫ থেকে ১৮ টাকা। গত এক বছরে খরের দামও মণপ্রতি ১০০ টাকা বেড়েছে।কৃষকেরা জানান, ভুসির দাম চালের দামের চেয়ে বেশি হওয়ায় তাঁরা তাদের পালিত গরুকে ভাত খাওয়াচ্ছেন। এতে তাঁদের গরুপ্রতি প্রতিদিন ৭৫ থেকে ১০০ টাকা সাশ্রয় হচ্ছে। ধানের উৎপাদন খরচ না মেটায় লোকসান পুষিয়ে নেওয়ার জন্যও অনেকে গরুকে চাল রান্না করে খাওয়াচ্ছেন।শাহজাদপুর উপজেলার তালগাছী গ্রামের কৃষক আবদুল মতিন বলেন, মোটাতাজা করার উদ্দেশ্যে প্রতিবছর তিনি চার থেকে ছয়টি করে গরু পালন করেন। গত এক মাসে ভুসির দাম অস্বাভাবিক হারে বেড়েছে। তা ছাড়া বাজারের বেশির ভাগ ভুসিতে ভেজাল মেশানো হচ্ছে। প্রতিদিন একটি গরু সাত থেকে আট কেজি করে ভুসি খেয়ে থাকে। ভুসির সঙ্গে দুই থেকে তিন কেজি করে খর খাওয়ানো হয়। বর্তমানে খরের দাম প্রতি মণ ৩০০ থেকে ৪০০ টাকা। খরের মূল্যে গত এক বছরে মণপ্রতি বেড়েছে ১০০ থেকে ১৫০ টাকা। কিন্তু গত এক মাসে ভুসির দাম রেকর্ড পরিমাণ বেড়েছে। তাই এখন তিনি গরুকে ভাত রান্না করে খাওয়াচ্ছেন। এতে প্রতিদিন গরুপ্রতি ৭৫ থেকে ১০০ টাকা সাশ্রয় হচ্ছে। পাশাপাশি গরুর স্বাস্থ্যও ভালো থাকছে।একই গ্রামের কৃষক আবদুল মান্নান বলেন, এবার ধানের দাম উৎপাদন খরচের চেয়ে কম হওয়ায় তিনি কিছু ধান বিক্রি না করে রেখে দিয়েছেন। তিনি একটি গরু কিনে পালন করছেন। এখন চাল রান্না করে তিনি গরুকে খাওয়াচ্ছেন। এতে তাঁর গরুটি বেশ মোটাতাজা হয়েছে। তিনি আরও বলেন, প্রথম দিকে ভাত ভুসির সঙ্গে মিশিয়ে খাওয়ানোর কারণে গরুর পেটের সমস্যা দেখা দেয়। অল্প অল্প করে খাওয়ানোর পর এখন বেশি করে ভাত দেওয়া হচ্ছে। এখন গরুর পেটে গ্যাস হচ্ছে না। এ কারণে খরচও কম হচ্ছে। তাড়াতাড়ি শরীরে মাংস বাড়ছে। গরু বিক্রি করে ধানের দাম পুষিয়ে নেওয়ার চিন্তা করছেন তিনি। তাড়াশ উপজেলা সদরের কৃষক আজিজুল হক বলেন, দেশে মানুষের খাদ্যের চেয়ে পশুর খাদ্যের দাম বেশি হয়, এটি কোনো দিন দেখিনি। তিনি অভিযোগ করেন, সরকার এবার কৃষকদের ধানের ন্যায্যমূল্য দিতেও ব্যর্থ হয়েছে। ভুসি ও খরের দাম বেড়ে যাওয়ায় এখন গরুরও প্রধান খাদ্য হয়ে উঠেছে ভাত। ধান বিক্রি করেই গো-খাদ্য কিনতে হয়। কিন্তু ধানের চেয়ে গো-খাদ্যের দাম অনেক বেশি হওয়ায় এলাকার কৃষকেরা ভাতই গবাদিপশুকে খাওয়াতে শুরু করেছেন।সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওয়াহেদুল ইসলাম বলেন, ভাত একটি রসাল খাদ্য। ভাত পশুর শরীরে দ্রুত হজম হয় এবং মাংস বৃদ্ধিতে সহায়তা করে। তবে ভাত নির্দিষ্ট পরিমাণে খাওয়াতে হবে। তা হলে কোনো অসুবিধা নেই। গরু মোটাতাজা করার জন্য সিরাজগঞ্জের অধিকাংশ কৃষক এখন এই পথ অবলম্বন করেছেন বলে জানান তিনি।