গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত হওয়ার ঘটনায় মামলা
পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের সড়াডাঙ্গি গ্রামে গরুচোর সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হওয়ার ঘটনায় দুটি পৃথক মামলা হয়েছে। গত শনিবার স্থানীয় গ্রাম পুলিশ বাদী হয়ে একটি এবং ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত এক কৃষক বাদী হয়ে অন্য মামলাটি করেন।
আতাইকুলা থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকি বলেন, হতাহতের ঘটনায় আতাইকুলা ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে সড়াডাঙ্গি গ্রামে নিযুক্ত গ্রাম পুলিশ মিলন হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ গ্রামবাসীকে আসামি করে একটি মামলা করেন। এ ছাড়া ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক আবু কালাম বাদী হয়ে নিহত-আহত পাঁচজনসহ অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করে একটি চুরির মামলা করেন।
ওসি আরও বলেন, লাশ ময়নাতদন্ত শেষে রাতেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।
নাটোরের সিংড়া উপজেলার বেলতলা গ্রামের নিহত শহিদুল ইসলাম এবং একই উপজেলার গলগলিয়া গ্রামের নিহত রহিদুল ইসলামের গ্রামের লোকজন ও স্থানীয় ইউপির চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা চুরির সঙ্গে ওই দুজনের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। চিকিৎসাধীন আহত ব্যক্তিরাও প্রাথমিকভাবে চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেন ওসি।
শনিবার রাতে ১০ থেকে ১২ জনের একটি দল গরু চুরির উদ্দেশ্যে গ্রামটিতে যায় বলে অভিযোগ পাওয়া যায়। তারা গ্রামের দুজন কৃষকের গোয়ালঘরের বেড়া কেটে কয়েকটি গরু বের করে। এ সময় গ্রামবাসী তাদের ধাওয়া করে পাঁচজনকে ধরে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।