গরুতে ধানের চারা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নে গতকাল সোমবার সন্ধ্যায় গরুতে ধানের চারা খাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে কুদ্দুছ মিয়া (৩২) নামে একজন কৃষক নিহত এবং কমপক্ষে সাতজন আহত হয়েছেন। কুদ্দুছ মিয়া উপজেলার উত্তর মোকসেদপুর গ্রামের বাসিন্দা।আহত ব্যক্তিদের মধ্যে কুদ্দুসের আপন ভাই বাছের আলী, মোমিন আলী ও জামির আলীকে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।বাদাঘাট ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় ইউনিয়নের শাহ্ আরেফিনের মোকামসংলগ্ন লালডোবা এলাকায় কুদ্দুসরা চার ভাই খেতে ধানের চারা লাগাচ্ছিলেন। এ সময় পার্শ্ববর্তী পুরান লাউড় গ্রামের সুরুজ মিয়ার (৪৫) গরু তাঁদের জমির পাশে ধানের চারা খাওয়া শুরু করে। এ নিয়ে কুদ্দুস ও তাঁর ভাইয়েরা সুরুজ মিয়া ও তাঁর লোকজনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় বুকে কিরিচের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন কুদ্দুছ। স্ত্রী আম্বিয়া বেগমের দাবি, সুরুজ মিয়ার কিরিচের আঘাতেই তাঁর স্বামী নিহত হয়েছেন। তাহিরপুর থানার ওসি মামুনুর রশীদ বলেন, লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।