গরুবাহী ট্রাকে পেট্রলবোমা, চালকসহ পাঁচজন আহত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় গরুবোঝাই একটি ট্রাকে দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় চালক নুরুজ্জামানসহ (৪২) পাঁচজন আহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে চালক নুরুজ্জামানের অবস্থা গুরুতর। পেট্রলবোমাটি তাঁর গায়ে পড়েছে। তাঁর সহকারী মোফাজ্জলকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় গরুর মালিকসহ অপর তিনজন আহত হন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইলের মির্জাপুর এলাকার একটি গরুর হাট থেকে ১৭টি গরু ট্রাকে ভরে নরসিংদী নিয়ে যাচ্ছিলেন নুরুজ্জামান। ট্রাকটি মৌচাক আমবাগানের সামনে পৌঁছালে তিন যুবক ট্রাকটি লক্ষ্য করে পরপর তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করে। এ সময় একটি বোমা নুরুজ্জামানের গায়ে গিয়ে পড়ে। পেট্রলবোমার আঘাতে চালকের শরীর পুড়ে গিয়ে গুরুতর আহত হলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের পেছনে থাকা গরুর মালিক সামছুল হক, দুলালসহ তিনজন আহত হন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁদের উদ্ধার করে মৌচাক হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান। পরে সেখানে প্রাথমিক চিকিত্সা দিয়ে চালককে উন্নত চিকিত্সার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়েছে।
বার্ন ইউনিটে কর্তব্যরত চিকিত্সক ফারুক হোসেন জানান, নুরুজ্জামানের শ্বাসনালিসহ তাঁর শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
নুরুজ্জামান নরসিংদীর শিবপুর উপজেলার সিএনবি এলাকার জয়নাল মিয়ার ছেলে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।