সারাটা দিন পাখির ছবি তুলে রোদেলা বিকেলে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের বাইক্কা বিল থেকে ফিরছি। রাস্তার পাশের নিচু ঘেসো জমির অল্প পানিতে নয়টি মহিষ অর্ধেকটা গা ডুবিয়ে বেশ আয়েশ করে সারা দিনের খাওয়া ঘাস পাকস্থলী থেকে মুখে এনে চিবোচ্ছে। তাদের ঘিরে আছে অর্ধশতাধিক কমলা চঞ্চুর দুধসাদা পাখি। শ্বেতশুভ্র এই পাখিগুলোর মধ্যে কেমন যেন একটা ব্যস্ত ব্যস্ত ভাব। কেউ মহিষগুলোর পিঠে চড়ে আছে, কেউ মুখের সামনে, কেউবা মাথার ওপর; কেউ আবার তাদের লম্বা চঞ্চুটি মহিষের কানের ভেতর ঢুকিয়ে দিয়েছে। দারুণ এক দৃশ্য। অবশ্য সঙ্গে পাঁচ-ছয়টি ঝুঁটি শালিকও রয়েছে। গরু-মহিষ-ছাগলের সঙ্গে অনেক পাখিরই বেশ মধুর সম্পর্ক রয়েছে। কারণ, পাখিগুলো গবাদিপ্রাণীর দেহে থাকা বিভিন্ন ক্ষতিকর কীটপতঙ্গ খেয়ে যেমন উপকার করে, তেমনি নিজেদের ক্ষুধাও নিবারণ করে। এমন দৃশ্য আগেও বহুবার দেখেছি। তবে এতগুলো মহিষ ও পাখি একসঙ্গে কমই দেখেছি। এ যেন এক এলাহি কাণ্ড!
আঁটসাঁট দেহের পাখিগুলোর ঘাড় ও চঞ্চু সুঠাম। চোখ, চঞ্চু ও পা হালকা হলদে। পালক একনজরে পুরোপুরি সাদা। তবে প্রজনন ঋতুতে পিঠ, ঘাড়, গলা ও মাথা কমলা বা সোনালি-হলুদ রং ধারণ করে। ঘাড়-মাথা-পিঠ-বুকে সোনালি সুতোপালক গজায়। চক্ষু গোলক ও মুখের চামড়া হয় সবুজাভ হলুদ। চোখ ও চঞ্চুর রং হয়ে যায় হলদে-কমলা। সবুজাভ হলুদ পায়ের তলাসহ পা ও পায়ের পাতা কালো। স্ত্রী ও পুরুষ দেখতে একই রকম। অপ্রাপ্তবয়স্ক পাখির পা ও পায়ের পাতা কালচে।
ঢাকাসহ পুরো দেশের মাঠ, অল্প পানির জলাভূমি, জলপূর্ণ জমি, গবাদিপশুর চারণভূমি, চরাঞ্চল, তৃণভূমি, পাহাড়ি এলাকা ইত্যাদিতে ছোট বা মাঝারি দলে বিচরণ করে। দিবাচর, জ২লচর ও ভূচারি পাখিগুলোকে চালচলনে গোবেচারা ধরনের মনে হলেও প্রকৃতপক্ষে ওরা অত্যন্ত সাহসী, লড়াকু ও মেজাজি। সতর্ক, চতুর ও কুশলীও বটে। ঘাসবন ও চষা খেতে হেঁটে হেঁটে ফড়িং, ঘাসফড়িংসহ অন্যান্য কীটপতঙ্গ, ছোট মাছ ও ব্যাঙ খায়। সচরাচর নীরব, তবে বাসায় থাকলে গোঙানির মতো শব্দ করে।
জুন থেকে আগস্ট অর্থাৎ বর্ষা ওদের প্রজননকাল। এ সময় ওরা গাছের শাখা বা বাঁশঝাড়ে একসঙ্গে অনেকগুলোয় মিলে শুকনো ডালপালা দিয়ে কলোনি বাসা বানায়। ডিম পাড়ে ৩-৫টি, রং সবুজ, যা ২০-২৫ দিনে ফোটে। ডিমে তা দেওয়া ও ছানাদের লালনপালনের কাজ স্ত্রী-পুরুষ মিলেমিশে করে। ছানাগুলো ১৪-২১ দিনে বাসা থেকে বেরিয়ে গাছে হাঁটাহাঁটি করে, ৪৫ দিনে স্বাবলম্বী হয়, ৫০ দিনে অল্পবিস্তর ওড়াউড়ি করে এবং ৬০ দিনে উড়তে শেখে। আয়ুষ্কাল আট বছরের বেশি।
বাইক্কা বিলের সেই দুধসাদা পাখিগুলো আমাদের অতি চেনা ও বহুল দৃশ্যমান আবাসিক পাখি গোবগা, গোবক বা গাই বগলা। গবাদিপশু বা লাঙলের পেছন পেছন হেঁটে পোকামাকড় খায় বলেই এই নাম। ইংরেজি নাম ক্যাটল ইগরেট। বৈজ্ঞানিক নাম Bubulcus ibis। অ্যান্টার্কটিকা ছাড়া বিশ্বের সব মহাদেশেই দেখা মেলে। প্রাপ্তবয়স্ক গোবগার দেহের দৈর্ঘ্য ৪৬-৫৬ সেন্টিমিটার ও প্রসারিত ডানা ৮৮-৯৬ সেন্টিমিটার। ওজনে পুরুষ ৩৯০ গ্রাম ও স্ত্রী ৩৪০ গ্রাম। ধূপ বক বা ছোট বকের (লিটল ইগরেট) সঙ্গে ওদের মূল পার্থক্য সুঠাম ঘাড়, খাটো পা ও হলদে বা কমলা রঙের চঞ্চু।
পাখি ও বন্য প্রাণী চিকিৎসা বিশেষজ্ঞ