গরুর অভাব নেই, সমস্যা ভাঙা সড়ক
দেশে এবার কোরবানির উপযোগী ৪৫ লাখ গরু আছে। কোরবানির চাহিদা মেটানোর পর আরও কয়েক লাখ গবাদিপশু উদ্বৃত্ত থেকে যাবে বলে মনে করছে প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এদিকে ভারত ও মিয়ানমার থেকে ইতিমধ্যে ৪ লাখের বেশি গরু এসেছে। ফলে কোরবানির বাজারে এবার গরুর দাম কম হওয়ার কথা। তবে বেহাল সড়কের কারণে এসব গরু শহরে আনতে ঝামেলায় পড়ছেন ব্যবসায়ীরা।
ঈদুল আজহার আর দুই দিন বাকি থাকলেও এখনো রাজধানীতে গরু বা ক্রেতার তেমন সমাগম নেই। বেশির ভাগ হাটে ক্রেতারা গরু নিয়ে অলস সময় কাটাচ্ছেন। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের হিসাবে, গতবারের চেয়ে ৪ লাখ বেশি গরু হাটে আসবে।

গতকাল মঙ্গলবার রাজধানীর ইস্টার্ন হাউজিং এলাকা ও গাবতলীর গরুর হাটে গিয়ে দেখা গেল, বাজারে ছোট গরুর সংখ্যা কম। মাঝারি ও বড় গরুতে বাজার ভরে গেছে। হাতে গোনা কিছু ছোট গরু থাকলেও দাম হাঁকা হচ্ছে ৬০ হাজার টাকার ওপরে। দাম শুনে ক্রেতারা চলে গেলেও বিক্রেতা খুব বেশি ডাকাডাকিও করছেন না। দুই পক্ষেরই এখনো তেমন গরজ নেই।
চুয়াডাঙ্গা থেকে আসা গরুর পাইকার রূপচাঁদ মালিথা চারটি গরু নিয়ে মিরপুর ইস্টার্ন হাউজিং এলাকার হাটে এসেছেন। তিনি মাঝারি আকৃতির একেকটি গরুর দাম হাঁকছেন ৮০ হাজার থেকে ১ লাখ টাকা। গতবারের চেয়ে ট্রাকে একেকটি গরু আনতে ৪ থেকে ৫ হাজার টাকা অতিরিক্ত গুনতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, রাস্তা খারাপ হওয়ায় অনেকে গরু আনতে ভয় পাচ্ছেন। বন্যার কারণে বিচালি (গরুর শুকনা খাবার) ও ভুসির দাম গতবারের চেয়ে দ্বিগুণেরও বেশি। তাই সব মিলিয়ে গরুর দাম বেড়ে গেছে।
রংপুর থেকে গাবতলী হাটে গরু নিয়ে আসা ব্যবসায়ী শামসুল ইসলামের দুঃখটা আরও প্রকট। গ্রাম থেকে সস্তায় গরু কিনে তিনি ভেবেছিলেন ঢাকায় বেশি লাভে বিক্রি করবেন। ‘কিন্তু রাস্তাই সব লাভ খায়া ফেলাইছে’ মন্তব্য করে তিনি বলেন, ঢাকায় গরু আনতে অনেকের দু-তিন দিন লেগে যাচ্ছে। এতে পরিবহন খরচ ১০-১৫ হাজার টাকা পড়ে যাচ্ছে।
দেশের ১২টি জেলার গরুর বড় হাট ঘুরে প্রথম আলোর প্রতিনিধি ও প্রতিবেদকেরা জানান, বন্যার পানি নেমে যাওয়ার পর বিভিন্ন জেলা-উপজেলার হাটগুলোয় উপচে পড়ছে গবাদিপশু। দামও গত বছরের চেয়ে ৫ থেকে ১০ হাজার টাকা কম। কিন্তু ভাঙাচোরা সড়কের কারণে ট্রাকভাড়া বেশি। অনেক পাইকার ঢাকা, চট্টগ্রাম, খুলনা বা সিলেট শহরের হাটগুলোয় গরু আনতে ভয় পাচ্ছেন। অনেকের সেই সামর্থ্যও নেই।
জানতে চাইলে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ প্রথম আলোকে বলেন, বন্যায় দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় খামারিরা তাঁদের এলাকাতেই কম দামে গরু বিক্রি করে দিচ্ছেন। শহরে গরু আনা নির্বিঘ্ন করতে সরকার গুরুত্বপূর্ণ সড়কগুলো দ্রুত মেরামতের উদ্যোগ নিয়েছে। ফলে রাজধানীসহ দেশের বড় হাটগুলোয় গরুর সরবরাহ দ্রুতই বাড়বে।
রংপুর, চুয়াডাঙ্গা, দিনাজপুরের বিরামপুর, কক্সবাজারের টেকনাফ, কুষ্টিয়া, চট্টগ্রাম শহর, নঁওগা, গাইবান্ধা ও বগুড়ার দুপচাঁচিয়ায় প্রথম আলোর প্রতিবেদক ও প্রতিনিধিরা স্থানীয় হাটগুলো ঘুরে খোঁজখবর নিয়েছেন। ওই সব হাটে বিপুল পরিমাণ গরু উঠেছে।
পাইকারদের অভিযোগ, রাস্তা খারাপ হওয়ায় ট্রাকগুলো হেলেদুলে চলে। আগে যে ট্রাকে ১০ থেকে ১২টি গরু নেওয়া যেত, এখন সেখানে ৭ থেকে ৮টির বেশি নেওয়া যাচ্ছে না। ফলে গরুপ্রতি পরিবহন খরচ বেড়ে যাচ্ছে।
গরু আমদানিতে উদ্বেগ
ভারত ও মিয়ানমার থেকে গরু আমদানি বেড়ে যাওয়ার ব্যাপারে প্রাণিসম্পদ মন্ত্রণালয় উদ্বিগ্ন হয়ে পড়েছে। সীমান্ত দিয়ে গরু আসতে বাধা নেই—বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এমন ঘোষণার পর খামারিরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তাঁদের দুশ্চিন্তার কথা জানিয়েছেন। প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সীমান্ত দিয়ে গরু আসা বন্ধের জন্য অনুরোধ জানানো হয়েছে।
গরুর খামারিদের সংগঠন বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের হিসাবে, এবারের কোরবানির ঈদে ৪৫ লাখ গরুর চাহিদা রয়েছে। এই পরিমাণ গরুর জোগান দেওয়ার ক্ষমতা দেশের খামারিদের রয়েছে। সীমান্ত দিয়ে গরু আমদানি বন্ধ করতে তাঁরা সরকারের কাছেও দাবি জানিয়েছেন।
বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন ২ আগস্ট গণমাধ্যমকে জানিয়েছিলেন, ভারত থেকে বৈধ পথে গরু আসতে বাধা নেই। তবে কোনোভাবেই সীমান্ত পার হয়ে রাখালদের গরু আনতে পাঠানো যাবে না।
তবে এই ঘোষণা দেওয়ার আগে থেকেই দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে গরু আমদানি বেড়ে যায়। ৯৬টি সীমান্ত করিডর দিয়ে চলতি বছরের শুরু থেকেই গরু আসতে থাকে। বিশেষ করে গত জুলাই ও চলতি আগস্ট মাসে গরু আসার পরিমাণ ব্যাপকভাবে বেড়েছে।
রাজশাহী কাস্টম কার্যালয় সূত্রে জানা গেছে, শুধু রাজশাহীর বিভিন্ন সীমান্ত করিডর দিয়েই গত জুলাই ও চলতি ২১ আগস্ট পর্যন্ত প্রায় ১ লাখ ২০ হাজার গরু এসেছে। একই সময়ে টেকনাফের শাহপরীর দ্বীপ দিয়ে মিয়ানমার থেকে এসেছে ১৬ হাজার ৩৬০টি গরু। এই পথে ২০১৬-১৭ অর্থবছরে এসেছে প্রায় ৬৭ হাজার গরু। সব সীমান্ত করিডর দিয়ে গত দুই মাসে প্রায় ৩ লাখ গরু এসেছে।
এ ব্যাপারে ফার্মার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ ইমরান প্রথম আলোকে বলেন, ‘তিন বছর ধরে আমরা দেশের গরু দিয়েই কোরবানির চাহিদা মিটিয়েছি। গত বছর থেকে সীমান্ত দিয়ে গরু আসা বাড়ছে। ফলে গত কোরবানির ঈদের সময় আমরা দেখেছি, অনেক খামারি গরু বিক্রি করতে না পেরে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছেন। এবার বন্যার কারণে এমনিতেই খামারিরা স্থানীয়ভাবে কম দামে গরু বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন। তার ওপর যদি বিদেশি গরু এনে বাজার সয়লাব করে ফেলা হয়, তাহলে খামারিরা সর্বস্বান্ত হয়ে যাবেন।’
প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে খামারের সংখ্যা প্রায় সোয়া ৫ লাখ। এসব খামারসহ সারা দেশে এখন গরু, মহিষ, ছাগল, ভেড়া রয়েছে ৫ কোটি ৪৭ লাখ ৪৫ হাজার। এর মধ্যে শুধু গরু হলো ১ কোটি ১৫ লাখ ৫৭ হাজার। গত বছর কোরবানির উপযোগী ১ কোটি ১৪ লাখ পশুর মধ্যে কোরবানি হয় ১ কোটি ৫ লাখ।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. আইনুল হক প্রথম আলোকে বলেন, ‘দেশে কত গরু আছে আর কোরবানির জন্য কত গরু প্রয়োজন হবে, তার হিসাব আমাদের কাছে আছে। বিজিবি আমাদের সঙ্গে আলোচনা না করেই সীমান্ত দিয়ে গরু আমদানির ব্যাপারে বক্তব্য দিয়েছে। এই সময়ে সীমান্ত দিয়ে এভাবে গরু আসার সুযোগ দিলে তা দেশের গো-খামারশিল্পের জন্য হবে আত্মঘাতী।’