গরুর ওপর মানুষের আক্রমণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার নারায়ণপুর গ্রামের এক কৃষকের একটি গাভিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। বুধবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। গাভির মালিক আবুল বাসার মোল্লা প্রথম আলোকে বলেন, জমিসংক্রান্ত বিরোধ নিয়ে এর আগের দিন একই গ্রামের আনোয়ার হোসেনের (২৫) সঙ্গে তাঁর বাগিবতণ্ডা হয়। এর জের ধরে বুধবার রাতের কোনো এক সময় তাঁর গোয়ালঘর থেকে গাভিটি বের করে নেওয়া হয়। পরে পাশের বনে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে গাভিটিকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। গাভিটির পেটে সাত মাসের বাচ্চা রয়েছে। গাভিটির চিকিৎসা দেওয়া হয়েছে।এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতারুজ্জামান গতকাল বৃহস্পতিবার বলেন, এ ঘটনায় আনোয়ারের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।