গরুর জন্য মশারি তৈরির ধুম
মশার কামড় থেকে গরু রক্ষা করতে বগুড়ার শিবগঞ্জে কৃষকের বাড়ি বাড়ি মশারি তৈরির ধুম লেগেছে।
উপজেলার কুড়াহার গ্রামের লুৎফর রহমান বলেন, ‘এবার গরম না পড়তেই মশার দাপট বেড়ে গেছে। মশারি থেকে গরুকে বের করার জো নেই, ঝাঁপিয়ে পড়ছে মশার দল। দিনের বেলাতেই এই অবস্থা, আর সন্ধ্যায় তো কোনো কথাই নাই। এ কারণে সারা দিনই দরজা-জানালা বন্ধ রাখতে হচ্ছে। তাতেও যে রেহাই মিলছে, তেমনটা না।’
লুৎফর রহমান জানান, তাঁর তিনটি গরু আছে। মশার আক্রমণ থেকে রক্ষা করতে এসব গরুর জন্য তিনি দুটি বড় মশারি তৈরি করেছেন। একটি রাতে বেলায় গোয়ালঘরের জন্য। আরেকটি দিনের বেলায় খোলা জায়গায় টাঙিয়ে গরু রাখেন। মশারির বাইরে আনলেই মশার দল হামলে পড়ে গরুর ওপর।
তাঁর মতে, মশার অত্যাচারে শুধু তিনি নন, পুরো উপজেলার লোকজনই অতিষ্ঠ।
উপজেলার ভুরঘাটা গ্রামের আজাহার আলী জানান, গরু রক্ষায় প্রথমে কয়েল জ্বালিয়ে তাঁরা মশা তাড়ানোর চেষ্টা করেছেন। তাতে কাজ হয়নি। পরে বাধ্য হয়ে গরুর জন্য মশারি তৈরি করেছেন।
উপজেলা সদরে মশারির কাপড় কিনতে আসা পূর্ব জাহাঙ্গীরাবাদ গ্রামের আমিনুল ইসলাম বলেন, ‘মশার কামড়ে অতিষ্ঠ হলেও বোবা এই প্রাণীগুলো তো কষ্টের কথা বলতে পারে না। তাই নিজেরটা বাদ দিয়ে আগে গরুর জন্য মশারি বানাতে আসছি।’
উপজেলার পুকুর-জলাশয়গুলো দীর্ঘদিন সংস্কার করা হয় না। এলাকার অনেক নালাতেও পানি জমে থাকে দিনের পর দিন। তাদের মতে, এসব নালাই মশার প্রজননস্থল। এর পাশাপাশি এ বছর এখন পর্যন্ত বৃষ্টি না হওয়ায় মশার উপদ্রব বেড়ে গেছে।