গরুর ট্রাক থেকে পুলিশের চাঁদাবাজি কোনোভাবেই বরদাশত করা হবে না বলে জানিয়েছেন পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিদর্শক (আইজিপি) মোখলেসুর রহমান। গতকাল রোববার দুপুরে পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
পবিত্র ঈদুল আজহার প্রস্তুতি ও আইনশৃঙ্খলা নিয়ে পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত আইজিপি বলেন, গরুর ট্রাক থেকে পুলিশের চাঁদাবাজি কোনোভাবেই বরদাশত করা হবে না। দু-একজন সদস্যের অপকর্মের জন্য পুলিশ বাহিনীকে কলঙ্কিত করতে দেওয়া হবে না। পুলিশের এ ধরনের কর্মকাণ্ডের ওপর গোয়েন্দা নজরদারি রয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে ফিল্ড কমান্ডার বা ইউনিট-প্রধান ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে যথাযথ আইনের প্রক্রিয়ায় যাবেন। শুধু সাময়িক বরখাস্ত বা বিভাগীয় ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ থাকবেন না। দায়িত্বশীল কর্মকর্তারা অপরাধীর মতোই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।
মোখলেসুর রহমান বলেন, ঈদ সামনে রেখে চাঁদাবাজ, ছিনতাইকারী ও অজ্ঞান পার্টির কবলে পড়ে মানুষ যাতে সর্বস্ব না হারায়, সে বিষয়ে পুলিশ সারা দেশে বিশেষ ব্যবস্থা নিয়েছে। অজ্ঞান পার্টি, চাঁদাবাজ ও ছিনতাইকারী গ্রেপ্তারও হচ্ছে। কোরবানির পশুর হাটগুলোতে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকে পুলিশ তৎপর রয়েছে। পশুর হাটের ইজারাদারদের সঙ্গে সমন্বয় কমিটি করে পুলিশ বিভিন্ন স্থানে পাহারা বসিয়েছে।
এক হাটের গরু জোর করে অন্য হাটে নেওয়া হচ্ছে বলে দৃষ্টি আকর্ষণ করা হলে ভারপ্রাপ্ত আইজিপি বলেন, এ ধরনের তথ্য পেলে পুলিশ গরু ছিনতাইয়ে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সংসদ ভবনের সামনে থেকে ট্রাকভর্তি গরু ছিনতাইয়ের ঘটনায় তিনি বলেন, ওই অপরাধী চক্র শনাক্ত ও ট্রাকটি উদ্ধার করা হয়েছে। গরু উদ্ধারের চেষ্টা চলছে।
মোখলেসুর রহমান বলেন, স্থল, নৌ, রেলপথে যাত্রা এবং পশুর চামড়া বহন যাতে নির্বিঘ্নে হয়, তা নিশ্চিত করতে সার্বিক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সারা দেশে কোনো অপরাধ যাতে না হয়, সে জন্য দিনে ও রাতে ভিন্ন ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
‘কালিহাতীর ঘটনায় ইন্ধন ছিল’: টাঙ্গাইলের কালিহাতীর ঘটনার পেছনে ইন্ধন ছিল বলে মনে করেন ভারপ্রাপ্ত আইজিপি। গত শুক্রবারের ওই ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনাটি দুঃখজনক ও অনভিপ্রেত। গত বৃহস্পতিবার নারী শ্লীলতাহানির ঘটনায় পুলিশ অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করেছে। আসামিদের গ্রেপ্তারের এক দিন পর সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়। এতে মানুষ ভোগান্তিতে পড়ে। বিক্ষোভকারীদের থানায় আক্রমণ করতে যাওয়া ইন্ধন ছাড়া অন্য কিছু নয়। তিনি বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনে দোষী সাব্যস্ত হলে কালিহাতী থানার ওসির বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।