গরুর ট্রাকে বাড়তি ভাড়া আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে গরু ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত পরিবহন ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার শিবালয় উপজেলার আরিচা ঘাটে ব্যবসায়ীরা এ অভিযোগ করেন। এদিকে ভারতীয় গরু আমদানি বেড়ে যাওয়ায় এবং দাম তুলনামূলক কম হওয়ায় স্থানীয় খামারিরা বিপাকে পড়েছেন।
অতিরিক্ত পরিবহন ভাড়া আদায় প্রসঙ্গে শিবালয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম গালিভ খান প্রথম আলোকে বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে। অতিরিক্ত ভাড়া আদায় করা হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল সরেজমিনে দেখা যায়, মানিকগঞ্জের দৌলতপুর ও শিবালয় উপজেলার বিভিন্ন চরাঞ্চল ছাড়াও পাবনা, সিরাজগঞ্জ ও রাজবাড়ীর বিভিন্ন এলাকা থেকে শত শত গরু ট্রলারে করে যমুনা নদী পার হয়ে আরিচা ঘাটে নিয়ে আসছেন খামারি ও ব্যবসায়ীরা। এরপর সেগুলো ট্রাক ও পিকআপ ভ্যানে করে রাজধানী ঢাকাসহ চট্টগ্রামের বিভিন্ন হাটে পাঠানো হয়।
শিবালয়ের জাফরগঞ্জ গ্রামের ব্যবসায়ী বাতেন শেখ, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করশালিকা গ্রামের সাঈদুর রহমান ও ঢাকার আশুলিয়ার আবদুল হক গরু নিয়ে আরিচা ঘাটে এসেছেন। তাঁরা জানান, সাধারণ মৌসুমে আরিচা থেকে ঢাকায় গরুবাহী প্রতিটি ট্রাকের ভাড়া পাঁচ হাজার টাকা। কিন্তু কোরবানির জন্য আট থেকে ১০ হাজার টাকা করে নেওয়া হচ্ছে। তাঁরা অভিযোগ করেন, ট্রাকের কৃত্রিম সংকট দেখিয়ে ট্রাক মালিক সমিতির লোকজন তাঁদের কাছ থেকে তিন থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত নিচ্ছেন।
শিবালয় উপজেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আলাল উদ্দিন বলেন, ‘সমিতির পক্ষ থেকে ঢাকা থেকে গাবতলীর ভাড়া চার হাজার ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বাইরের জেলার ট্রাকগুলো অতিরিক্ত ভাড়া নিয়ে থাকতে পারে। তবে সেটা আমাদের বিষয় নয়।’
এদিকে স্থানীয় খামারি আলোকদিয়া চরের আজমত শেখ, আজিমনগর চরের আবদুর রশিদ মোল্লা এবং কানাইদিয়া চরের সুরুজ মাতবর জানান, চার মণ ওজনের ভারতীয় একটি গরুর দাম ৩০ থেকে ৩৫ হাজার টাকা, আর দেশি গরু ৪৫ থেকে ৫০ হাজার টাকা। ভারতীয় গরুর দাম কম এবং সরবরাহ বেশি হওয়ায় এবার তাঁদের লোকসান গুনতে হবে।