গরুর দাম কম, ব্যবসায়ী ও খামারিদের হা-হুতাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া, পাবনার বেড়া ও সাঁথিয়া উপজেলায় কোরবানির হাটগুলো জমে উঠেছে। খামারিরা বলছেন, এবার গরুর দাম তুলনামূলক কম। এ অবস্থায় কাঙ্ক্ষিত দাম না পেয়ে গরু ব্যবসায়ী ও খামারিরা হা-হুতাশ করছেন।পাবনার বেড়া উপজেলার বৃশালিখা মহল্লার গরুর ব্যবসায়ী আবু সাঈদ বলেন, ‘হাটে গরুর দাম এরম পড়তি থাকলি আমাগরে মতো গরু ব্যবসায়ীর মহা সব্বনাশ হয়া যাবি। ম্যালা ঋণ কইরা এবার গরু কিনছি। ভারতের গরু আমাগরে এই সব্বনাশটা কইরা দিল।’শুধু আবু সাঈদ নন, যেসব গেরস্থ ও খামারি গরু মোটাতাজা করেছেন, কোরবানির হাটের এ অবস্থায় তাঁদের এখন মাথায় হাত। কোরবানির হাটে গরুর দাম কম হওয়ায় তাঁদের লোকসান গুনতে হচ্ছে।স্থানীয় সূত্রগুলো জানায়, গত বছরের অ্যানথ্রাক্সের প্রভাব ও গো-খাদ্যের অগ্নিমূল্যের কারণে এবার বেড়া ও সাঁথিয়া উপজেলায় গরু পালন বেশ কম হয়েছে। আর গরু পালনে ব্যয় হয়েছে অনেক বেশি।গত মঙ্গলবার বেড়ার করমজা হাটে গিয়ে দেখা গেছে, হাটে জায়গা না পেয়ে মহাসড়কে বিক্রেতারা গরু নিয়ে দাঁড়িয়ে আছেন। দেশি গরুর পাশাপাশি হাটে বিপুলসংখ্যক ভারতীয় গরু। হাটের ইজারাদারের প্রতিনিধি মিজানুর রহমান উকিল বলেন, ‘হাটে এবার প্রচুর ভারতীয় গরু আসছে। আর এতেই কোরবানির গরুর দাম এমন কম বলে আমার ধারণা।’ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া গ্রামের গরুর ব্যবসায়ী আবদুস সালাম ও রবিউল ইসলাম জানান, তাঁরা রাজশাহী থেকে ট্রাকে করে হাটে আটটি গরু এনেছেন। প্রতিটি গরু তাঁদের গড়ে ৩৮ হাজার টাকার মতো পড়েছে। কিন্তু ৩৫ থেকে ৩৬ হাজারের বেশি দাম উঠছে না। তাঁরা জানান, রাজশাহী সীমান্ত দিয়ে স্রোতের মতো ভারতীয় গরু ঢুকছে। আর সেসব গরু ট্রাকে করে দেশের বিভিন্ন হাটে যাচ্ছে।সাঁথিয়ার বরাট গ্রামের গরুর ব্যবসায়ী মোস্তফা একটি ষাঁড় দেখিয়ে বলেন, ‘এই গরুডা এক লাখ ১৫ হাজারে কিনছিলাম। গত বিষ্যুদবার (২৭ অক্টোবর) কাশীনাথপুর হাটে গরুডার দাম এক লাখ ১০ হাজার কইছিল। আর আইজ (১ নভেম্বর) এক লাখ টাকাও কেউ কয় না। প্রতিডা গরুত এরম লস দেওয়া লাগলি পথের ফকির হওয়া ছাড়া এবার উপায় নাই।’বেড়ার হাটুরিয়া গ্রামের গেরস্থ আবুল কালাম বলেন, ‘আট-নয় মাস আগে দুইডা গরু আশি হাজারে কিনছিলাম। প্রায় ৭০ হাজার টাকার খাদ্য গরু দুইড্যাক খাওয়ান লাগিছে। হাটের যে অবস্থা, তাতে সোয়া লাখে দুই গরু বেচব্যার পারব কি না, সন্দেহ।’এদিকে বগুড়ার ১২টি উপজেলায় ৭০টি গরুর হাট বসছে। বগুড়ার মহাস্থান, বনানী, সাবগ্রাম, রানীরহাট, বুড়িগঞ্জ, নামুজা, শেরপুরের বারোদুয়ারী হাট ঘুরে দেখা গেছে, গরুর দাম তুলনামূলক কম।সারিয়াকান্দি উপজেলার ছাইহাটা গ্রামের মিল্লাত হোসেন জানান, বেশি দাম পাওয়ার আশায় ছয় মাস আগে তিনি আটটি গরু কিনে পালন করছেন। গো-খাদ্যের দাম বেশি হওয়ায় গরু পালতে তাঁর অনেক টাকা খরচ হয়ে গেছে। হাটে ক্রেতারা এসব গরুর যে দাম বলছেন, তাতে বিনিয়োগের টাকাই উঠবে না।