গরুর দাম কম, খামারিরা হতাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুদ্র খামারি দুলাল হোসেন এক বছর ধরে দেশি জাতের একটি বকনা বাছুর পুষে বড় করেছেন। আশা করেছিলেন গরুটি বিক্রি করে লাভের মুখ দেখবেন। কিন্তু বাজারে নেওয়ার পর দাম যা উঠেছে, তা শুনে হতাশ তিনি। গরুটির দাম দেড় লাখ উঠবে ভেবেছিলেন। গত হাটে (২০ আগস্ট) দাম উঠেছিল ১ লাখ ২৫ হাজার টাকা। গত বৃহস্পতিবার পশুটি আবারও হাটে আনেন দুলাল। এবার ক্রেতা দর হাঁকেন ৮৫-৯০ হাজার টাকা। এই দামে বেচলে ৩৫-৪০ হাজার টাকা লোকসান গুনতে হবে ক্ষুদ্র এই খামারিকে।

ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরুর ব্যাপারী না আসায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ হাটে গরুর দাম এবার কিছুটা কম বলে হাটে আসা লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে। ঈদুল আজহা সমাগত। এই সময়েও হাটে গরুর দাম না থাকায় হতাশ স্থানীয় খামারিরা। উত্তরাঞ্চলের এ হাটটিতে প্রচুর ভারতীয় গরু আসে। এবার ভারতীয় গরুর আমদানিও আগের তুলনায় কম। গত বৃহস্পতিবার রসুলগঞ্জ হাটে বেশি উঠেছিল দেশি গরু।

খোঁজ নিয়ে জানা গেছে, ভারতীয় সীমান্তঘেঁষা লালমনিরহাটের রসুলগঞ্জ পশুহাট জেলার সবচেয়ে বড় ভারতীয় পশুহাট হিসেবেও পরিচিত। এখানে ইসলামপুর নামে শুল্ক করিডর আছে।

উপজেলার পানবাড়ি গ্রামের গরু ব্যবসায়ী হবিবর রহমান, কাবুলসহ চারজন বলেন, তাঁরা মৌসুমি ব্যবসায়ী। গ্রামে ঘুরে স্থানীয় খামারিদের কাছ থেকে গরু কিনে হাটে বিক্রি করেন তাঁরা। কিন্তু নানা জায়গা থেকে আসা গরুর ব্যাপারীরা এবার হাটে কম আসছেন। অল্প সংখ্যক ব্যাপারী যাঁরা আসছেন, তাঁদের কাছেই গরু কম দরে বিক্রি করতে হচ্ছে। ক্রেতার অভাবে তাঁরা গরুপ্রতি ৪ থেকে ৫ হাজার টাকা কম দামে বিক্রি করে লোকসান গুনছেন।

স্থানীয় খামারি হাসানুল বলেন, প্রায় এক বছর ধরে দুটি দেশি জাতের বকনা বাছুর পুষে বড় করেছেন। আশা করেছিলেন, গরু দুটি ভালো দামে বেচতে পারবেন। কিন্তু গত বছরের তুলনায় গরুর দাম এবার অনেক কমে গেছে। তিনি ভেবেছিলেন, গরু দুটির দাম প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা হবে। কিন্তু একটি গরু বিক্রি করতে পেরেছেন মাত্র ৯০ হাজার টাকায়।

অন্য জেলা থেকে গরু কিনতে আসা পাবনার তিন-চারজন ব্যাপারী বলেন, তাঁদের জেলায় কোরবানির গরুর চাহিদা প্রচুর। কিন্তু ভারতীয় গরু আমদানি কম বলে অনেক ব্যবসায়ী লোকসান হওয়ার আশঙ্কায় গরু কিনতে আসছেন না।

নাম প্রকাশ না করার শর্তে সীমান্তের ভারতীয় কয়েকজন গরু ব্যবসায়ী বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তৎপরতা বেড়ে যাওয়ায় এখন আর আগের মতো গরু পারাপার করা যায় না। ফাঁকফোকর গলে গরু নিয়ে এলেও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তা জব্দ করে নিলামে দেয়। ফলে বিএসএফ ও বিজিবির ভয়ে ভারতীয় গরু আসা বন্ধ হয়ে গেছে। তবে বৃষ্টি হওয়ার কারণে ভারতীয় গরু পারাপার কিছুটা বেড়েছে বলে জানালেন ব্যবসায়ীরা।

পাটগ্রাম ইসলামপুর শুল্ক করিডরের সহকারী পরিদর্শক রফিকুল ইসলাম মৃধা বলেন, তিন-চার মাস ধরে করিডরে এ উপজেলার কোনো ভারতীয় গরুর রাজস্ব আদায় হয়নি। তবে পাশের উপজেলাগুলোসহ নীলফামারী জেলা থেকে প্রতিদিন ভারতীয় গরু আসার সংখ্যা বাড়ছে।