গরুর দাম গত বছরের চেয়ে এবার বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের চেয়ে এবার কোরবানির গরুর দাম বেশি। আগের মতো ভারত থেকে গরু আসছে না। গরুর খাবারের দামও বেশি। তাই এবার কোরবানির গরুর দাম বেশি হবে। গত কয়েক দিনে দিনাজপুরের প্রধান তিনটি গরুর হাট সদর উপজেলার ফাঁসিলাডাঙ্গা, শহরের রেলবাজার ও কাহারোল উপজেলার কাহারোল গরুর হাট সরেজমিন ঘুরে ক্রেতা-বিক্রেতা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

সম্প্রতি দিনাজপুর সদর উপজেলার ফাঁসিলাডাঙ্গা গরুর হাটে গিয়ে দেখা যায়, ছোটবড়, এঁড়ে, বলদ, বকনা-গািভসহ প্রায় এক হাজার গরু হাটে এসেছে।

সদর উপজেলার কমলপুর ইউনিয়নের বড়গ্রাম এলাকার গরুর খামারি মো. বদিউজ্জামান হাটে বিক্রির জন্য পাঁচটি ষাঁড় এনেছেন। গরুগুলোর কী পরিমাণ মাংস হবে জানতে চাইলে স্থানীয় কসাই হায়দার আলী বললেন, প্রতিটি গরুর তিন থেকে সাড়ে তিন মণ করে মাংস হবে। খামারি প্রতিটি গরুর দাম চাইছেন ৫০ থেকে ৫৫ হাজার টাকা। বদিউজ্জামান বলেন, কোরবানির বাজারে বিক্রির জন্য প্রতিবছর তিনি ১০ থেকে ১৫টি করে ষাঁড় লালন-পালন করেন। গত কোরবানির এক মাস পর এক একটি গরু ২৫ থেকে ৩০ হাজার টাকায় কিনেছেন। অন্য বছর এ ধরনের গরু ২০ থেকে ২৫ হাজার টাকায় পাওয়া যেত। কিন্তু গত বছর গরুর মাংসের দাম ছিল ৩২০ টাকা কেজি। বর্তমানে তা বেড়ে ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। গরুর মাংসের দাম বেশি হওয়ায় বেশি দামে গরু কিনতে হয়েছে। পুরো বছরজুড়ে গরুর খাওয়া-চিকিৎসা এবং লালন-পালন করতে এক একটি গরুর পেছনে খরচ হয়েছে ১০ থেকে ১২ হাজার টাকা করে। এ অবস্থায় প্রতিটি গরু গড়ে ৫০ হাজার টাকায় বিক্রি করতে না পারলে পোষাবে না।

হাটে গরু বেচাকেনা করতে আসা দালাল আবদুল হাকিম বললেন, অন্য বছরের তুলনায় এবার গরুর দাম চড়া। তাই বিক্রি হচ্ছে কম।

জামাল উদ্দিন নামে একজন গরু ব্যবসায়ী বললেন, ‘প্রতিবছর এই টাইমে ঢাকা-চট্টগ্রাম থাকি পার্টিরা গরু কিনিবা অইসে। ওরা সুন্দর আর লাল রঙের গরু কিনে। ভালো লাল ষাঁড় বা বলদ দুই-চাইর হাজার টাকা বেশি দাম দিয়া কিনে ওরা। এইবারও কিনেছে, তার ওপর গরু গোশতের দাম বেশি, কাজেই গরুর দামও বেশি’ বলে জানান তিনি।

গত বৃহস্পতিবার দিনাজপুর শহরের বিখ্যাত গরুরহাট রেল বাজারে গিয়েও একই দৃশ্য চোখে পড়ে। বাজারে গরুর আমদানি প্রচুর। হাটে গরু বিক্রি করতে আসা সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের কৃষক দবিরুল ইসলাম বলেন, তিনি নিজে পাঁচটি করে ষাঁড় পালেন। দাম পরীক্ষা করার জন্য দুটি গরু হাটে এনেছেন। কিন্তু যে পরিমাণ গরু হাটে উঠেছে, সেই তুলনায় ক্রেতা নেই, কাজে বেচাকেনাও কম বলে জানান তিনি।

 চিরিরবন্দরের কাউগাঁও এলাকার তছলিম উদ্দিন বলেন, ‘২০ টাকা কেজির খইল হইচে ৩২ টাকা, ২২ টাকার গমের ভুসি ৩০ টাকা। ১৫ টাকার মুসুরী কালাইর ভুসি হইছে ২৫ টাকা, গুড়ার-খেড়-চালের খুদি, ব্রান তামান ধরনের গরুর খাবারের দাম বেশি। সেই তুলনায় গরুর দাম কম আছে।’

গত শনিবার কাহারোল হাটে দেখা যায়, হাটে প্রচুর গরু উঠেছে। বিরলের মঙ্গলপুর ইউনিয়নের পলাশবাড়ী গ্রামের খামারি মফিজুর বলেন, কোরবানির হাটে বিক্রির উদ্দেশ্যে এলাকায় প্রতিটি কৃষক পরিবার গরু পালে। তিনি নিজে যে গরুটি হাটে এনেছেন বিক্রি করতে সেটি ছয় মাস আগে কিনেছিলেন ৩৫ হাজার টাকায়। পেলে-পুষে বড় স্বাস্থ্যবান করার পর এখন দাম চাচ্ছেন ৫৫ হাজার টাকা। কিন্তু ক্রেতা দালাল-ব্যবসায়ী কেউ ৪২ হাজার টাকার বেশি বলেনি।

কাহারোল হাটে আসা গরু ব্যবসায়ী মোজাহার আলী বলেন, দিনাজপুরের বাজারে গত বছর ৪০ হাজার টাকায় যে গরু বিক্রি হয়েছে, সেই গরুর দাম এ বছর ৪৫ থেকে ৫০ হাজার টাকায় কিনতে হবে। ভারত থেকে গরু আসছে না। গত কোরবানির হাটে ২৫ থেকে ৩০ হাজার টাকায় যে গরু ক্রেতারা কিনেছেন এবার সেই গরু ৩৮ থেকে ৪০ হাজার টাকায় কিনতে হবে বলে তিনি জানান।

অপর গরু ব্যবসায়ী আবদুস সালাম বলেন, ‘হাটত (হাটে) ভালো ভালো যেই গরুগুলো উঠেছে, দিনাজপুরের ব্যবসায়ীরা তামান কিনি পাঠাছে ঢাকা-গাবতলী, চিটাগাং, সিলেট জেলার ব্যবসায়ীর জন্য।’