গরুর দাম নয় লাখ টাকা!
গরুর এখন কোনো কাজ নেই। খায় দায়, ঘুরে বেড়ায়, শুয়ে-বসে জাবর কাটে আর লেজ নাড়িয়ে মাছি তাড়ায়। আগের দিনের মতো গরুকে গাড়ি টানতে হয় না। জোয়ালের তলায় কাঁধ লাগিয়ে লাঙল চষতে হয় না। ফসল মাড়াইও নেই। ঘানি টানা থেকে নিষ্কৃতি পেয়েছে আগেই। গরু এখন একেবারেই বেকার প্রাণী।
কিন্তু সেই বেকার গরুই কোরবানির হাটে ‘মহামূল্যবান’ হয়ে উঠেছে। তা-ও ১০, ২০ হাজার নয়, লাখ লাখ টাকা। গাবতলী গরুর হাটে আসা একটি গরুর দাম হাঁকা হয়েছে নয় লাখ টাকা। বিক্রেতার দাবি, ক্রেতারা নাকি ৪ লাখ ৮০ হাজার টাকা পর্যন্ত বলে গেছেন।
গরুর মালিক আকরাম হোসেন প্রথম আলোকে বলেন, ‘গরুটি নয় লাখ টাকায় বিক্রি করতে চাই। এখন পর্যন্ত ১০-১২ জন ক্রেতা এসেছেন। ৪ লাখ ৮০ হাজার টাকা পর্যন্ত দাম বলছেন। তবে আমি ছয় লাখ টাকার নিচে এই গরু বিক্রি করব না।’ সাদা গরুর গলায় ঝুলছে ফুলের মালা। চারপাশে মানুষের ভিড়। আশপাশের লোকজন দাম শুনে ফিস ফিস করছেন।
কোরবানির গরু কিনতে আসা আহমেদ রাজু প্রথম আলোকে বলেন, গরুটি দেখতে ভালো। হয়তো গরুটির ১০ মণ মাংস হবে। তার মানে, প্রতি মণ মাংসের দাম এক লাখ টাকা। তিনি অভিযোগ করে বলেন, ‘গতবারের চেয়ে দ্বিগুণের বেশি দাম হাঁকছেন গরু ব্যাপারীরা। গতবার একটা গরু কিনেছি ১ লাখ ৫ হাজার টাকা। এবার সেই গরুর দাম পাঁচ লাখ টাকা।’
আকরাম প্রথম আলোকে বলেন, ‘১০ মাস আগে আমি গরুটি ১ লাখ ৯৩ হাজার টাকা দিয়ে কিনেছি। এরপর অনেক খরচ। ভারতীয় গরু যদি না আসে তাহলে গরুর বাজার ভালো হবে।’
কুষ্টিয়া থেকে আসা আকরামের তথ্যমতে, গরুটি নিজে পুষেছেন। মোটাতাজাকরণের কোনো ট্যাবলেট খাইয়ে বড় করেননি। এই গরুর মতো আরও চারটি গরু আছে তাঁর।
গরু দেখতে আসা যুবক শরীফ ও পান্নু বলেন, ‘পুরো গরুর বাজার ঘুরে দেখলাম। এ গরুটি দেখতে আকর্ষণীয়। সে কারণে অনেকে ভিড় করছেন।’