গরুর পচা মাংস বিক্রির দায়ে কসাই কারাগারে
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার মদাতি ইউনিয়নের চামটাহাটে গরুর পচা মাংস বিক্রির দায়ে মাংস ব্যবসায়ী কসাই রিকু ইসলামকে (২০) সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক লালমনিরহাটের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) আবদুল করিম এ দণ্ড দেন।
রিকু ইসলাম উপজেলার ভোটমারী ইউনিয়নের ভুল্লারহাট গ্রামের কহিনুর ইসলামের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, রিকু ইসলাম দীর্ঘদিন ধরে চামটাহাটে রোগাক্রান্ত এবং অসুস্থ গরু জবাই করে সেই মাংস বিক্রি করে আসছিলেন। গত মঙ্গলবার সকালে পচা ও দুর্গন্ধযুক্ত মাংস বিক্রির সময় স্থানীয় লোকজন তাঁকে আটক করে মদাতি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনেন। উপজেলা প্রাণিসম্পদ বিভাগ জব্দ করা মাংস পরীক্ষা করে সেগুলো খাওয়ার অনুপযোগী বলে জানায়। পরে এ মাংসসহ রিকুকে বিকেলে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দ করা মাংস মাটিতে পুঁতে ফেলা হয়েছে।