গরুর পেটে বাচ্চা কসাইয়ের জবাই পরিদর্শকের সিল
চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউমার্কেটে শনিবার গর্ভবতী গরু জবাই করে মাংস বিক্রি করা হয়েছে। এই কাজে সহায়তা করেছেন কসাইখানার পরিদর্শক। এই ঘটনায় ক্ষুব্ধ ক্রেতা ও স্থানীয় লোকজন মাংস বিক্রেতা রফিককে মারধর করেছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল সাড়ে নয়টার দিকে নিউমার্কেট মাংস বাজারে মফিজ উদ্দীনের কসাইয়ের দোকানে গরুর মাংস বিক্রি করা হচ্ছিল। এই মাংসের ওপর পৌরসভার পক্ষ থেকে নিয়োগ করা এক কর্মকর্তার ‘এক নম্বর গরুর মাংস’-এর সিল ছিল। কিছুক্ষণ পরই বালিগ্রামের সোহেল রানা, দেলহাজ, ইব্রাহিম ও সাইদুর একটি মৃত বাছুর নিয়ে সেখানে হাজির হন। তাঁরা দাবি করেন, এই বাছুরটি এক নম্বর গরুর মাংসের সিল দিয়ে যে মাংস বিক্রি করা হচ্ছে, সেই গরুর পেটেই ছিল। বিষয়টি জানতে পেরে ক্রেতাসহ স্থানীয় লোকজন কসাই মফিজের ছেলে রফিককে মারধর করে।কসাই মফিজ বলেন, ‘গরুটির পেটে যে বাচ্চা আছে তা আগে থেকে বোঝা যায়নি। না বুঝেই গরুটি জবাই করা হয়েছে। মফিজের ছেলে রফিক ওই গরুর পেটে বাচ্চা থাকার সত্যতা নিশ্চিত করেছেন।মাংসের ওপর সিল দিয়েছিলেন কসাইখানার পরিদর্শক মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম জানান, তিনি বিষয়টি জেনেও সিল দিয়েছেন। কারণ সিল না দিলে বাজারে মাংস সরবরাহ বন্ধ থাকত। তিনি আরও জানান, বিষয়টি তদারকির দায়িত্ব ভেটেরিনারি সার্জনের। কিন্তু তিনি কোনো দিন কসাইখানায় আসেন না।ভেটেরিনারি সার্জন সাইফুল ইসলাম জানান, তিনি শনিবার অসুস্থ ছিলেন। এ কারণে নিউমার্কেটে যেতে পারেননি।পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর জহিরুদ্দিন জানান, গর্ভবতী গরুর মাংস বিক্রির দায়ে কসাই মফিজের মাংস বিক্রির লাইসেন্স বাতিল করা হয়েছে। একই সঙ্গে মাংসের ওপর কেন সিল দেওয়া হয়েছে তা জানতে চেয়ে কসাইখানার পরিদর্শক মনিরুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সালেহা খাতুন বলেন, ‘বিক্রেতাকে মারধর ও হট্টগোলের কথা আমরা শুনেছি। তবে আমাদের কাছে এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি।’