গরুর ভালো দাম, খামারি ব্যবসায়ী উভয়েই খুশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খামারি ও গরু ব্যবসায়ী উভয়েরই ব্যাপক লোকসান হয়েছিল গত বছর। তারপরও করব না করব না করে শেষ পর্যন্ত খামারিরা গরু পালন করেছেন। গরু ব্যবসায়ীরাও স্থানীয় হাট থেকে গরু কিনেছেন। উভয়েই এবার গরু কিনেছেন অন্যান্য বারের চেয়ে চড়া দামে। এ জন্য তাঁদের এবারের কোরবানির বাজার নিয়ে ভয় ছিল। সেই ভয় কেটে গিয়ে তাঁদের মুখে এখন খুশির ঝিলিক। কারণ, ভারতীয় গরু খুব একটা না আসায় ভালো দাম পাচ্ছেন তাঁরা।
পাবনার বেড়া ও সাঁথিয়া উপজেলায় কোরবানির পশুর হাট সামনে রেখে গরু পালন একটি লাভজনক পেশা। দুই উপজেলায় পাঁচ হাজারের বেশি খামারি গরু লালনপালন করেন। তাঁরা অল্প দামে ছোট আকৃতির গরু কিনে ছয় মাস থেকে এক বছর লালনপালন করে কোরবানির আগে সেগুলো বিক্রি করে থাকেন।
অন্যদিকে দুই উপজেলায় অর্ধশতাধিক গরু ব্যবসায়ী রয়েছেন। তাঁরা কোরবানির পশুর হাটের এক থেকে দেড় মাস আগে থেকে গরু কেনা শুরু করেন। গরুগুলোর জন্য তাঁরা অস্থায়ী গোয়ালঘর তৈরি করে কিছুদিন লালনপালন করে সেগুলো ঢাকা অথবা চট্টগ্রামের হাটে তোলেন।
এসব খামারি ও গরু ব্যবসায়ী গত বছরের কোরবানির হাটে ভালো দাম পাননি। ফলে তাঁদের লোকসান হয়। তাঁদের অভিযোগ, গতবার কোরবানির হাটে ভারতীয় গরু অবাধে ঢুকে পড়ায় এমন লোকসান হয়েছিল। তাই তাঁরা ভারতীয় গরু অবাধে আমদানি বন্ধের দাবি জানিয়ে আসছিলেন।
এদিকে মাস ছয়েক আগে ভারত সরকার বাংলাদেশে গরু প্রবেশ বন্ধের ঘোষণা দিলে খামারি ও ব্যবসায়ীদের মধ্যে আশা দেখা দেয়। এরপর গরুর দাম বেড়ে গেলে অনেক খামারি ও ব্যবসায়ী গত কয়েক মাসে চড়া দামেই গরু কিনেছেন। কোরবানির হাট সামনে রেখে সেসব গরু লালনপালন করে বড় করেছেন তাঁরা।
তবে খামারি ও গরু ব্যবসায়ীরা ভয়ে ছিলেন এই ভেবে যে শেষ পর্যন্ত অবাধে ভারতীয় গরু কোরবানির হাটে ঢুকে পড়ে কি না। কিন্তু তাঁদের সেই ভয় অনেকটাই কেটে গেছে। সীমান্ত দিয়ে ভারতীয় গরু গতবারের মতো ব্যাপক হারে আসছে না। এখন পর্যন্ত কোরবানির হাটে দেশি গরুই ভরসা। এ কারণে দেশি গরুর দাম গতবারের চেয়ে বেশি। আর তাতে খামারি ও গরু ব্যবসায়ী উভয়েই খুশি।
গত সোমবার বেড়ার মোহনগঞ্জ পশুহাট ও গতকাল মঙ্গলবার সাঁথিয়ার করমজা পশুহাট ঘুরে প্রচুর দেশি গরুর আমদানি দেখা গেছে। হাটে ভারতীয় গরু তেমন দেখা যায়নি। গত বছরের চেয়ে প্রতিটি গরু ২৫ থেকে ৩০ শতাংশ বেশি দামে বিক্রি হচ্ছে বলে জানান বিক্রেতারা।
মোহনগঞ্জ পশুহাটের ইজারাদার আবু সুফিয়ান বলেন, ‘আমাদের হাটে কোনো ভারতীয় গরু নেই, সব গরুই দেশি। দাম গতবারের চেয়ে বেশ ভালো। হাটে গরু বিক্রি করে খামারিরা হাসিমুখে ঘরে ফিরছেন।’
এদিকে গরু ব্যবসায়ীরা বাড়ি বাড়ি ঘুরেও গরু কিনছেন। অনেক খামারিই হাটে গরু নেওয়ার বিড়ম্বনা থেকে বাঁচতে বাড়ি থেকেই গরু বিক্রি করে দিচ্ছেন।
বেড়া পৌর এলাকার বনগ্রাম মহল্লার খামারি আনোয়ার হোসেন বলেন, ‘গতবার দুই গরুতে ১০ হাজার টাকা লস হইছিল। তাই এবার একটা গরু কিনিছি। কেনা ও পালা বাবদ আমার এই গরুর পেছনে মোট খরচ হইছে ৭০ হাজার টাকা। ব্যাপারী বাড়িত আইস্যা গরুর দাম ৯০ হাজার টাকা বলতেছে। আমার আশা লাখ টাকার ওপরে।’
বেড়া পৌর এলাকার বৃশালিখা মহল্লার ব্যবসায়ী আবদুল মোমিন এবার ৯৩টি গরু কিনেছেন। এর মধ্য থেকে ১৩টি গরু ঢাকার হাটে তুলে ভালো লাভ করেছেন। বাকিগুলো থেকে আরও বেশি লাভের আশা করছেন। তিনি বলেন, ‘গতবার লস দিছি। এবার সেই লস পুষায়া নেওয়ার আশা করিছি। তবে ঈদের আগে ভারতীয় গরু হাটে ঢুকলে এবারও লোকসান গুনতি হবি।’
বেড়া পৌর এলাকার হাতিগাড়া মহল্লার খামারি ও বেড়া কৃষিক্লাবের সভাপতি এম আর এম ফিরোজ বলেন, ‘গতবার লোকসান হলেও এবার খামারিদের লাভ হচ্ছে। ভারতীয় গরু আমদানি স্থায়ীভাবে বন্ধ হলে খামারিরা গরু লালনপালনে বেশি উৎসাহিত হবেন। এতে কয়েক বছরের মধ্যেই গরু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়া যাবে।’
সাঁথিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. জামালউদ্দিন বলেন, ‘গতবার লোকসান হওয়ায় সাঁথিয়ায় এবার গরু মোটাতাজাকরণ ২৫ শতাংশ কম হয়েছে। তবে এবার খামারিরা ভালো লাভ পেলে আগামীবার মোটাতাজাকরণ আবারও বাড়বে।’