গরুর মশারি বানিয়ে দিন গুজরান
পাবনার বেড়া উপজেলার কাপড়িয়াপট্টির দরজিদের এখন দম ফেলার সময় নেই। প্রত্যেকের সেলাই মেশিনের সামনে স্তূপ করে রাখা নাইলনের মশারির কাপড়। সবাই ব্যস্ত সেই কাপড়ে বিশাল আকৃতির সব মশারি তৈরিতে। একেকটির আকৃতি ১০ থেকে ৩০ হাত। এগুলো কিন্তু মানুষের জন্য তৈরি হচ্ছে না। মশার কামড় থেকে বাঁচাতে গরুর জন্য তৈরি হচ্ছে।খোঁজ নিয়ে জানা গেছে, জেলার বেড়া, সাঁথিয়া ও সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় প্রচুর গরু পালন করা হয়। পালনকারীরা গরুর যত্ন-আত্তিতেও কোনো ঘাটতি রাখেন না। প্রতিবছরই শীতের পর থেকে মশার উপদ্রব বেড়ে যায়। এর আগে মশা তাড়াতে গৃহস্থরা গোয়ালে ধোঁয়ার ব্যবস্থা করতেন। এতে কিছু সময়ের জন্য মশা তাড়ানো গেলেও প্রকৃতপক্ষে মশার কবল থেকে গরুগুলো নিস্তার পেত না। গরুগুলোকে মশার কবল থেকে পুরোপুরি রেহাই দিতে পালনকারীরা গোয়ালে মশারি টানিয়ে দেন। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, দুই-তিন বছর ধরে গোয়ালগুলোতে মশারি টানানোর প্রচলন বেড়ে গেছে।বেড়া বাজারের কাপড়িয়াপট্টি ইতিমধ্যেই গরুর মশারি তৈরির জন্য বিখ্যাত হয়ে উঠেছে। শুধু বেড়া নয়, পার্শ্ববর্তী সাঁথিয়া ও শাহজাদপুর উপজেলার বেশির ভাগ গরু পালনকারী তাঁদের গরুগুলোর মশারি তৈরির জন্য ছুটে আসছেন এই কাপড়িয়াপট্টিতে। এখানকার ১৫-২০ জন দর্জির একেকজন প্রতিদিন গড়ে পাঁচ-সাতটি করে মশারি তৈরি করছেন। সেই হিসাবে এখানে প্রতিদিন শতাধিক মশারি তৈরি হচ্ছে। মশারি তৈরি করে মজুরি বাবদ দর্জিদের আয়ও হচ্ছে চমকে ওঠার মতো। একেকজন দর্জির প্রতিদিনের আয় এক থেকে দেড় হাজার টাকা। দর্জিরা জানান, মশারি বানানোর এমন হিড়িক শুধু মাস দুয়েকের জন্য।মশারি বানানোর কারিগর আব্দুল হামিদ বলেন, ‘আমরা ফুটপাতের দর্জি। কাপড় সেলাই কইর্যা মাসে তিন-চার হাজার টাকাও কামাই হয় না। অথচ মশারির কামে মাত্র দুই মাসে আমাগরে ৫০ হাজারেরও বেশি কামাই হয়।’সরেজমিনে দেখা গেছে, কাপড়িয়াপট্টির কাপড়ের দোকানগুলোতে কাপড়ের পাশাপাশি সাজানো রয়েছে নাইলনের মশারির কাপড়। দোকানগুলোতে সাধারণ কাপড়ের চেয়ে মশারির কাপড় বিক্রি হচ্ছে ব্যাপক হারে। গরু পালনকারীরা মশারির কাপড় কিনে দর্জিদের কাছে মশারি বানাতে দিচ্ছেন। ১০ বাই ১২ হাত মাপের একটি মশারি বানাতে কাপড় ও মজুরিসহ খরচ পড়ে প্রায় এক হাজার টাকা।