গরুর মাংসের দামে 'ঈদ বোনাস' শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উপলক্ষে যাঁরা ইতিমধ্যে গরুর মাংস কিনে ফেলেছেন, তাঁদের বেশ কিছু টাকা বেঁচে গেছে। রাজধানীর বাজারে সিটি করপোরেশনের নির্ধারিত মাংসের দর আজ রোববার থেকে কার্যকর থাকবে না। ব্যবসায়ীরা বলছেন, ঈদের আগের কয়েক দিনে তাঁরা মাংসের দামে ‘বোনাস’ আদায় করবেন।
তবে মুরগির দামে ‘বোনাস’ আদায় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ব্রয়লার মুরগি কিনতে ক্রেতাদের কেজিতে ১৫ টাকা বাড়তি গুনতে হচ্ছে। অন্যদিকে পাকিস্তানি নামে পরিচিত ফার্মের মুরগির দাম আকারভেদে প্রতিটিতে ১৫ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে।
ঈদের আগে কাঁচাবাজারে মাংস ছাড়াও ইলিশ, চিংড়িসহ কয়েক ধরনের মাছ, চিনি ও সুগন্ধি চালের দাম বেড়েছে। পেঁয়াজ, রসুন, আদা, গুঁড়া দুধ, মসলা, সেমাই, শসা, লেবু ও কাঁচামরিচের দামে তেমন কোনো হেরফের নেই।
ঈদে একটি পরিবারের কাঁচাবাজারের বাজেটের সবচেয়ে বড় অংশ ব্যয় হয় মাংস ও মাছের পেছনে। মাংসের দাম বাড়লে খরচও বেশি হারে বাড়ে। এ বছর রোজার আগেই গরুর মাংসের দাম কেজিতে ৪০ টাকা বেড়ে ৪২০ টাকায় উঠেছিল। কোনো কোনো বাজারে বিক্রি হচ্ছিল ৪৪০ টাকা দরে। ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন গরুর মাংসের দাম কেজিপ্রতি ৪২০ টাকায় বেঁধে দেয়।
রাজধানীর চারটি বাজার ঘুরে গতকাল পর্যন্ত ৪২০ টাকা দরেই গরুর মাংস বিক্রি হতে দেখা গেছে। মাংস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রবিউল আলম প্রথম আলোকে বলেন, মাংসের নির্ধারিত দর ২৬ রমজান পর্যন্ত কার্যকর থাকে। বাকি কয়েক দিন সেটা রাখা যায় না। তিনি বলেন, ‘ঈদে সবাই বোনাস পায়। মাংস ব্যবসায়ীরাও শেষ কয়েক দিন একটু বাড়তি দাম নেয়।’
এদিকে খাসির মাংসের দাম ইতিমধ্যে বেড়ে গেছে। সিটি করপোরেশন ৫৭০ টাকা নির্ধারণ করলেও গতকাল কারওয়ান বাজার, হাতিরপুল বাজারে খাসির মাংস কেজিপ্রতি ৬৫০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে। অন্যদিকে ছাগলের মাংস বিক্রি হচ্ছে ৫৭০ থেকে ৫৮০ টাকা দরে, যা ৪৭০ টাকায় বিক্রি হওয়ার কথা।
গরুর মাংসের মতো ব্রয়লার মুরগির দামও বেড়ে গেছে। চাহিদা কমলেও তা এখন আর কেজিপ্রতি ১৫০ টাকার নিচে নামে না। ঈদের আগে নতুন করে বৃদ্ধি পেয়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকা দরে। তবে কারওয়ান বাজারে কেজিপ্রতি ৫ টাকা কমে মিলছে।
কারওয়ান বাজারের ইমন ব্রয়লার হাউসের বিক্রেতা ইসমাইল হোসেন জানান, রোস্ট তৈরির আকারের একেকটি পাকিস্তানি মুরগি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকা দরে, যা সপ্তাহ খানেক আগে ১৭০ থেকে ১৭৫ টাকা ছিল। বড় মুরগির দাম আরও বেশি বেড়েছে।
ঈদে মাছের বাজারে কদর বাড়ে ইলিশ ও চিংড়ির। এখন সব বাজারেই ইলিশের দাম ব্যাপক চড়া। এক কেজি ওজনের একটি ইলিশ কিনতে ক্রেতাকে ব্যয় করতে হচ্ছে ১ হাজার ৫০০ টাকার কাছাকাছি। মাঝারি আকারের একেকটি ইলিশ বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৯০০ টাকা দরে। সবচেয়ে ছোট (চারটিতে এক কেজি) ইলিশেরও হালিপ্রতি দাম বিক্রেতারা হাজার টাকার বেশি চাইছেন।
কারওয়ান বাজারে গতকাল চাষ করা মাঝারি আকারের গলদা চিংড়ি কেজিপ্রতি ৭০০ থেকে ৮০০ টাকা, ছোট নদীর চিংড়ি ৬৫০ টাকা ও মাঝারি আকারের নদীর চিংড়ি ৮০০ টাকা চেয়েছেন বিক্রেতারা।
ঈদের আগে সবচেয়ে বেশি বেড়েছে চিনির দাম। সপ্তাহ খানেক আগেও যে চিনি কেজিপ্রতি ৬২ থেকে ৬৩ টাকা ছিল, তা এখন ৭০ থেকে ৭২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিভিন্ন কোম্পানি তাদের সেমাইয়ের ২০০ গ্রামের প্যাকেট বিক্রি করছে ৩৫ টাকা দরে। খোলা সেমাই মিলছে কেজিপ্রতি ১১০ থেকে ১২০ টাকা দরে। এ ছাড়া গুঁড়া দুধ কেজিপ্রতি ৪৭০ থেকে ৫৭০ টাকা ও ঘি (৪০০ গ্রাম) ৪৩০ থেকে ৪৫০ টাকা দরে মিলছে।
অন্যান্য পণ্যের মধ্যে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৪০-৪৫ টাকা, ভারতীয় পেঁয়াজ ২৫-৩০ টাকা, চীনা রসুন ১৮০ টাকা, দেশি রসুন ১২০ থেকে ১৩০ টাকা, আদা ৬০ টাকা, ভারতীয় জিরা ৪০০ টাকা, ইরানি জিরা ৪৫০ টাকা; প্রতি ১০০ গ্রাম গোলমরিচ ১০৫ টাকা, দারুচিনি ৩৫ টাকা, এলাচি মানভেদে ১২০ থেকে ১৬০ টাকা, কিশমিশ ৩০ টাকা, আলুবোখারা ৫০ টাকা, লবঙ্গ ১৩০ টাকা, কাজুবাদাম ৮০ টাকা ও প্রতিটি জায়ফল ৮ টাকা দরে বিক্রি হচ্ছে।
রাজধানীর তেজগাঁওয়ের কলমিলতা কাঁচাবাজারের কাঞ্চনপুর স্টোরের বিক্রেতা মো. আশরাফুল হক বলেন, এবার মসলার দাম বাড়েনি। আর পেঁয়াজ, রসুন ও আদার দাম কমেছে। বেড়েছে চিনির দর। ওই বিক্রেতা জানান, এবার পবিত্র রমজানের আগেই সুগন্ধি চালের দাম ৮৫ টাকা থেকে বেড়ে ১০৫ টাকায় উঠেছিল। এখনো সেই দর আছে। অন্যদিকে প্যাকেটজাত চাল প্রতি কেজি ১২০ থেকে ১২৫ টাকা দরে মিলছে।
বাজারে দেশি শসা কেজিপ্রতি ৪০ টাকা, হাইব্রিড শসা ৩০ থেকে ৩৫ টাকা ও কাঁচা মরিচ ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাগজি লেবু পাওয়া যাচ্ছে ১২ থেকে ১৫ টাকা দরে। অন্যান্য লেবু ২০ থেকে ২৫ টাকা হালি দরে বিক্রি করছেন বিক্রেতারা।